‘নর্দমার প্রজন্ম’ থেকে ‘দেশের সম্পদ’, কঙ্গনার সুর বদল
জেন-জি তরুণদের নিয়ে কড়া মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসে এবার তরুণ প্রজন্মের প্রশংসা করেছেন তিনি। জেন-জিকে দেশের শক্তি ও সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন কঙ্গনা।নিট আন্দোলনে বিক্ষোভকারীদের সমালোচনা করেছিলেন কঙ্গনা। আন্দোলনে অংশ নেওয়া তরুণদের একাংশকে ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।কঙ্গনার বক্তব্য পরিবর্তনের পেছনে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যের প্রভাব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক অনেক পর্যবেক্ষক।সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বর্তমান প্রজন্মের তরুণদের প্রশংসা করেন। তিনি বলেন, জেন-জি তরুণরা সাধারণত যুক্তিনির্ভর উত্তর প্রত্যাশা করে এবং তাদের মতামত গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের বিষয়ে ভাগবতের ইতিবাচক অবস্থানের পর কঙ্গনার আগের বক্তব্য নিয়ে দলের অভ্যন্তরেও অস্বস্তি তৈরি হয়ে থাকতে পারে। এর পরিপ্রেক্ষিতেই তিনি নিজের বক্তব্যের সুর নরম করেছেন বলে ধারণা করা হচ্ছে।