বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ, কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ, কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়া তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার পদ বা পরিচয় বিবেচনা না করেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সমন্বয় সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভায় সভাপতিত্ব করেন। সভায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বাড়ানো হবে নজরদারি।  এ ছাড়া সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায়ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে অন্তত সাত থেকে আটটি স্থানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই দিন টিএসসি ও মেট্রোরেল স্টেশন এলাকা দিয়ে পালানোর সময় রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩) নামের তিন সন্দেহভাজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। একের পর এক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর চার স্থানে রাতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

গতকাল রাতে রাজধানীর আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই রাতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দুজন এই ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি। রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কের ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। আদাবর থানার ওসি শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যান বলে জানান বনানী থানার ওসি মো. সালাউদ্দিন। রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে। দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। শাহ আলী থানার ওসি রাজীব হোসেন বলেন, কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর চার স্থানে রাতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা চালক ও সহকারী

রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ‘ঠিকানা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে বাসে কোনো সাধারণ যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বাসটি খালি অবস্থায় আসাদ গেটের দিকে যাচ্ছিল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।এ সময় বাসে শুধু চালক ও তার সহকারী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা বাস থেকে নেমে আসায় দুজনই নিরাপদে রয়েছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও নাশকতা প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর তৎপরতা চলছে। এদিকে দেশজুড়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড মারাত্মক রূপ নিয়েছে। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশের ১১টি জেলায় মোট ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কেবল রাজধানীরই ১৯টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এসব নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বাইরেও নাশকতার বিস্তার ঘটেছে ব্যাপকভাবে। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরসহ বিভিন্ন জেলায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির খবর পাওয়া গেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশজুড়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা চালক ও সহকারী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream