রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইরানের সঙ্গে ইরাকের সীমান্ত বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে ইরাকের সীমান্ত বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির সঙ্গে থাকা দুটি সীমান্ত বাদে বাকি সব ক্রসিং বন্ধ করে দেওয়ার জন্য ইরাককে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।  তেহরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান, নৌ অবরোধ ও রাজনৈতিক চাপের অংশ হিসেবে এবার স্থলপথে বাণিজ্য ও সরবরাহ বন্ধেও বাগদাদের ওপর জোর চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। গতকাল শনিবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওয়াশিংটন এ অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ও তাদের কার্যক্রম নিয়েও ইরাকের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে গত ২১ অক্টোবর ইরানের সঙ্গে ইরাকের মায়সান প্রদেশের আল-শিব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের দিকে এই ক্রসিংটি চাজাবেহ নামে পরিচিত। ইরাকি সরকারের নির্দেশে বন্ধ হওয়া এই ক্রসিং দিয়ে যাত্রী চলাচল ও বাণিজ্যিক পণ্য পরিবহন দুটিই স্থগিত রয়েছে। তবে ক্রসিংটি বন্ধের পর থেকেই মায়সান প্রদেশে বিক্ষোভ চলছে। বন্ধের ১৮ দিন পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিক্ষোভকারীদের সমাবেশ উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়। ফুয়াদ হুসেইন বলেন, বর্তমান পরিস্থিতি নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করছে। এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ থাকায় ইরাকের প্রায় ৬০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ এখন শুধু সামরিক ও কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের স্থলপথের যোগাযোগ ও বাণিজ্যও এ চাপের আওতায় আসছে। এতে ওয়াশিংটনের দাবি এবং তেহরানের সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক সম্পর্ক বজায় রাখার চ্যালেঞ্জের মধ্যে পড়েছে বাগদাদ। সূত্র: মেহের নিউজ

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream