সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :কক্সবাজারে সংঘবদ্ধ মানব পাচার চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। বাংলা এফএমকে এসআরবি জানিয়েছে, বিগত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুরে উখিয়া উপজেলার মনখালী এলাকার মো. মাইমুন উদ্দিন (১৪) নামের এক কিশোর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর অপহরণকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। চক্রের সদস্যরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়। বিষয়টি প্রশাসনকে জানালে অপহরণের শিকার ব্যক্তিকে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেয়া হয়। উক্ত ঘটনায় গোপন সংবাদে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প (এসআরবি-১৫) কক্সবাজারের একটি আভিযানিক দল গতকাল বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মানবপাচারের উদ্দেশ্যে কিশোর মাইমুন উদ্দিনকে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের কথা স্বীকার করে। গ্রেপ্তাররা হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. আশেক (১৯), পিতা-বাদশা মিয়া ও মো. ইমরান উদ্দিন (২০), পিতা-মো. আবুল কালাম।এসআরবি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণের চক্রের সাথে জড়িত সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream