বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
টিআইবির গবেষণাঃ ঢাকায় প্লট কিনতে গিয়ে নানা খরচের ফাঁদে ক্রেতারা

টিআইবির গবেষণাঃ ঢাকায় প্লট কিনতে গিয়ে নানা খরচের ফাঁদে ক্রেতারা

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনতে গিয়ে ক্রেতাদের বিজ্ঞাপনে দেওয়া দামের বাইরেও বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রতি কাঠা জমির জন্য একজন ক্রেতাকে সর্বোচ্চ ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, পানি-বিদ্যুৎ সংযোগ এবং রাস্তা ও অন্যান্য অবকাঠামো নির্মাণের নামে এসব টাকা নেওয়া হচ্ছে।এ ছাড়া চুক্তি করার পর নতুন করে টাকা দাবি, সময়মতো প্লট বুঝিয়ে না দেওয়া এবং টাকা পরিশোধের পরও তা ফেরত না দেওয়ার মতো অভিযোগ রয়েছে আবাসন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এই গবেষণার ফলাফল বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত গবেষণাটি পরিচালনা করা হয়। এতে আবাসন কোম্পানি, প্লট ক্রেতা ও জমির মালিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।গবেষণায় বলা হয়েছে, প্লট কেনার পর মালিকানা বুঝে পাওয়া পর্যন্ত বিভিন্ন খাতে ক্রেতাদের অতিরিক্ত টাকা দিতে হয়। এর মধ্যে উন্নয়ন ফি বা সার্ভিস চার্জ হিসেবে প্রতি কাঠায় ২৫ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। ইউটিলিটি ডিপোজিট হিসেবে প্রতি প্লটে ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পানি সংযোগ ও প্রসেসিং ফি বাবদ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়। এ ছাড়া সীমানাপ্রাচীর ও ভেতরের রাস্তা নির্মাণের জন্য প্রতি কাঠায় আরও ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়।সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বেসরকারি আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহির বড় অভাব রয়েছে। আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, তথ্য প্রকাশ এবং জবাবদিহিতার ঘাটতির কারণে কিছু আবাসন কোম্পানি নিজেদের ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করছে।তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন ও ইউটিলিটি কর্তৃপক্ষের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে অনিয়ম ও প্রতারণা করা হচ্ছে। ফলে এসব অনিয়ম এখন অনেকটা নিয়মে পরিণত হয়েছে।ইফতেখারুজ্জামানের মতে, আবাসন খাত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকায় জমির মালিক ও প্লট ক্রেতারা অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়ছেন। রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী, জমি দখলকারী চক্র এবং প্রশাসনের একাংশের যোগসাজশে এ খাতে শক্তিশালী একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়েছে। তিনি এই পরিস্থিতিকে ‘মাফিয়াতন্ত্র’ হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এই গোষ্ঠী আবাসন খাতের নীতিনির্ধারণী কাঠামোর ওপরও প্রভাব বিস্তার করছে। ইফতেখারুজ্জামান আরও বলেন, কিছু প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠান নিজেদের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশে বাধা দেয়, সাংবাদিকদের ভয়ভীতি দেখায় ও আর্থিক সুবিধা বা প্লট বরাদ্দের প্রলোভন দেখায়। কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমকেও নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবহার করা হচ্ছে। এই সংকটের সমাধান নিয়ে এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আবাসন খাতের অনিয়ম ও ভূমি দখল বন্ধে সরকারকেই নেতৃত্ব দিতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। অনিয়মে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। টিআইবির গবেষণায় বলা হয়েছে, ২৫ একর জমিতে একটি আবাসন প্রকল্প গড়ে তুলতে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মের বাইরে ৪ কোটি ১১ লাখ ৬০ হাজার থেকে ৯ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়। জমির শ্রেণি পরিবর্তন, নামজারি, প্রকল্পের নকশা ও অনুমোদন, জমি ব্যবহারের ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বিভিন্ন পর্যায়ে এসব অর্থ লেনদেনের তথ্য তুলে ধরেছে টিআইবি। এতে এসি ল্যান্ড অফিস, রাজউক, ডিপিডিসি, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর ও ডিটিসিএর নাম উল্লেখ করা হয়েছে। প্লট বিক্রি ও বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের চিত্রও উঠে এসেছে টিআইবির গবেষণায়। কোনো কোনো আবাসন প্রতিষ্ঠান চুক্তি সম্পন্ন হওয়ার পর প্লটের মূল্য বাড়িয়ে অতিরিক্ত অর্থ দাবি করে। সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্লট হস্তান্তর বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করা বা মামলা পরিচালনার খরচের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জমি সংগ্রহ ও অধিগ্রহণের ক্ষেত্রেও জমির মালিকদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের অভিযোগের কথাও গবেষণায় উঠে এসেছে। এ ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক জমি দখল, বাজারমূল্যের চেয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করা এবং জমির মূল্য পরিশোধে বিলম্বের মতো বিষয় উল্লেখ করা হয়েছে। গবেষণায় ঢাকার জোয়ারসাহারা ও কাঁঠালদিয়া মৌজায় একটি প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানের প্রকল্পের উদাহরণ তুলে ধরা হয়েছে। ১৯৮৮ সালে ৩০৫ একর জমি নিয়ে প্রকল্প শুরু করে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক যোগাযোগ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তা প্রায় ৭ হাজার একরে সম্প্রসারণের অভিযোগ রয়েছে। গবেষণায় বলা হয়েছে, প্রকল্পটির আওতায় প্রায় ৮০০ একর সরকারি খাসজমি, ২১৬ একর ভাওয়াল এস্টেটের জমি এবং নদী, খাল ও জলাশয় অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া প্রায় ১ হাজার ৪২১ দশমিক ৪৮ একর জমির নিয়ন্ত্রণ পাওয়ার ফলে আনুমানিক ৫০ হাজার থেকে ৮৬ হাজার কোটি টাকা মূল্যের সরকারি ও প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে স্থানান্তরের অভিযোগ তুলে ধরা হয়েছে। আবাসন প্রকল্পের সম্প্রসারণে জলাভূমি, নিচু জমি ও বন্যাপ্রবাহ অঞ্চলের জমি ভরাটের বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। এতে পরিবেশগত ভারসাম্য ও নগরের পানিনিষ্কাশনব্যবস্থা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। গবেষণায় রাজধানীর হোলান ও আশকোনা এলাকার একটি আবাসন প্রকল্পের উদাহরণ দেওয়া হয়েছে। সেখানে ৪৩ একর জমির অনুমোদন থাকলেও প্রায় ২৩০ একর অননুমোদিত জলাভূমি ও নিচু জমি ভরাট করে প্রকল্পের সীমানা সম্প্রসারণের তথ্য উল্লেখ করা হয়েছে। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের ক্ষেত্রেও আবাসন ব্যবসায়ীদের প্রভাব বিস্তারের বিষয়টি উঠে এসেছে গবেষণায়। গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২-২০৩৫ মেয়াদের ড্যাপ প্রণয়নের এক বছরের মধ্যেই আবাসন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এটি পরিবর্তনের জন্য অন্তত চারবার দাপ্তরিক উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দুবার বড় ধরনের সংশোধনী গেজেট প্রকাশিত হয়। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ড্যাপের নতুন সংশোধনীর মাধ্যমে ভবনের উচ্চতা দ্বিগুণ করার আইনি সুযোগ তৈরি করা হয়। এ ছাড়া সংরক্ষিত জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসনযোগ্য এলাকায় রূপান্তরের বিষয়টিও উঠে এসেছে। গবেষণায় ১৫০টির বেশি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রম মূলত উচ্চ আয়ের ও বিনিয়োগে সক্ষম ক্রেতাদের লক্ষ্য করে পরিচালিত হয়। বিজ্ঞাপনে বিলাসবহুল জীবনযাপন ও লাভজনক বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতার উপযোগী সাশ্রয়ী আবাসন নির্মাণে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মডেল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। বেসরকারি আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে প্লটের বিজ্ঞাপিত মূল্যের পাশাপাশি উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জ ও অন্যান্য অতিরিক্ত ব্যয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা। অর্থ ফেরত ও কিস্তি পরিশোধের নীতিমালাও স্পষ্টভাবে উল্লেখ করার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের নিয়ে আন্তসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম গঠন, তাৎক্ষণিক তথ্য বিনিময় ও সব আবাসন প্রকল্পের অনুমোদন, নকশা ও ইউটিলিটি-সংক্রান্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করারও সুপারিশ করেছে টিআইবি।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream