সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা ঠেকানো, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। রোববার দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এ তথ্য জানান। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক নির্দেশনায় অভিযানে কোম্পানীগঞ্জ থানায় ৪ জন, কবিরহাট থানায় ৪ জন, বেগমগঞ্জ মডেল থানায় ১ জন, সেনবাগ থানায় ২ জন, সোনাইমুড়ী থানায় ২ জন, চাটখিল থানায় ২ জন, চরজব্বর থানায় ৩ জন এবং হাতিয়া থানায় ১১ জনকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

সিলেটে যুবলীগের মিছিল, ব্যানার-ফেস্টুনসহ আটক ১২

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের মিছিল থেকে ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরীর ধোপাদিঘি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের মো. শাহেক আহমেদ (৩২), একই গ্রামের মো. সেলিম আহমেদ (৩৭), একই উপজেলার মৌলভীরচকের মুন্না আহমেদ (২৯), কানাইঘাট উপজেলার মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), বীরদল গ্রামের তানিম ইকবাল (১৯), একই গ্রামের সালেহ আহমেদ (১৮) ও এসএম নাদিম (২০), মহেশপুরের কিবরিয়া আহমেদ (৩০), জয়পুরের আলী আহমদ (৪৫), দক্ষিণ সুরমার বরইকান্দির ফাহিম হাসান রনি (১৮) ও জুনায়েদ আহমেদ (৩৮) এবং গোপশহরের জাকের খান (২৯)। সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর জেলরোড থেকে যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ধোপাদিঘীরপাড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বড় ব্যানার ও পাঁচটি ফেস্টুন উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটে যুবলীগের মিছিল, ব্যানার-ফেস্টুনসহ আটক ১২

পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ

কক্সবাজারের চকরিয়ায় রুমা আকতার (৩২) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ মানিককে (৩৬) আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় লোকজন। তবে পুলিশ বলছে, গৃহবধূর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ রুমা আকতার ওই গ্রামের বাহাদুর আলমের মেয়ে। তাঁর স্বামী মানিকও একই এলাকার বাসিন্দা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গৃহবধূ হত্যার শিকার হয়েছেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রুমা আকতার কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। গতকাল সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্বামী মানিক তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরের দিকে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। সন্ধ্যা সাতটার দিকে আবারও তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন। স্থানীয় লোকজন আরও জানান, রাত ১০টার দিকে মানিক স্ত্রীকে আবার বাড়ি নিয়ে যান। টাকা জোগাড় করে দিবাগত রাত দুইটার দিকে অ্যাম্বুলেন্সে তাঁকে চট্টগ্রামে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে লোহাগাড়ার আজিজনগর এলাকায় পৌঁছালে রুমার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে বাড়ি ফিরে আসেন মানিক। স্থানীয় লোকজনের অভিযোগ, রুমা ও মানিকের মধ্যে অন্তত তিন বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। মানিক মাদক সেবন করতেন। সেবনের পর বাড়ি ফিরে তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে কয়েক দফা সালিসও হয়েছে। স্থানীয়ভাবে সালিসে যুক্ত ছিলেন আবদুর রহিম নামের এক ব্যক্তি। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, মাদক সেবন করে মানিক রুমার ওপর নির্যাতন চালাতেন, এটি সত্য। তবে মৃত্যুর আগের দিন মানিকই রুমাকে দুবার হাসপাতালে নিয়ে গেছেন। রাতে অ্যাম্বুলেন্সে চট্টগ্রামেও নেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে তিনি কীভাবে রুমাকে হত্যা করেছেন, তা বুঝতে পারছেন না। রুমার বাবা বাহাদুর আলমের অভিযোগ, তাঁর মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেয়ের স্বামী ও তাঁর মায়ের বিচার চান তিনি। লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ আহমদ বলেন, রুমা ও মানিকের মধ্যে পারিবারিক কলহ ছিল। তবে গতকাল রুমা বেশ অসুস্থ ছিলেন। মানিক তাঁকে দুবার হাসপাতালে নিয়ে গেছেন। গতকাল তাঁকে মারধরের কোনো প্রমাণ স্থানীয়ভাবে পাওয়া যায়নি।

পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এ আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।এ সময় পল্লবীর কালশী রোডে পুলিশের ওপর হামলা ও কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।এ ঘটনায় মিরপুর থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়েছে।

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২

পাঁচবিবিতে ভারতে পাচারের আগে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। রবিবার বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)। বিজিবি জানায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পারে, পাঁচবিবি উপজেলার বিভিন্ন পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন। দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়। অভিযানে প্রথমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। বিজিবি জানিয়েছে, মূর্তিগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবিতে ভারতে পাচারের আগে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. হাসিবুল ইসলাম (৪৬) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুরের (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১২-এর সিপিসি-৩। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া (ক্লাবপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক হাসিবুল ইসলাম কাথুলী ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে। আজ সকাল সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুরের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া (ক্লাবপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় হাসিবুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।’

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আটকের পর মাদ্রাসায় ভাঙচুর-আগুন

পাবনা সদর উপজেলার একটি আবাসিক মাদরাসায় এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ওই মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।    পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে অবস্থিত ‘নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষক মো. আবু ইউসুফ ওই মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় কৌশলে রক্ষা পেয়ে ওই ছাত্রী গভীর রাতে মাদরাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয় এবং স্থানীয় লোকজনকে পুরো ঘটনা খুলে বলে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর শুক্রবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসীর একটি অংশ মাদরাসায় ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পুলিশ জানিয়েছেন, ওই মাদরাসায় মোট ৬০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে, যার মধ্যে ৩০ জন আবাসিক, বাকিরা অনাবাসিক। ঘটনার পর পরই আবাসিক শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযুক্ত আবু ইউসুফ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা।  পাবনা সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনার পুলিশ সুপার আলী আশ্রাফ জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে। সত্যতা সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদরাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পাবনায় ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে আটকের পর মাদ্রাসায় ভাঙচুর-আগুন

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

গাজীপুরের শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আট নেতা-কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার জুমার নামাজের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মাসুদ রানা, জয়, সতেজ, মো. মোমেন, জুনাইদ, মো. আতিকুল ইসলাম ও আরিফ হোসেন। তাঁরা যুবলীগের ব্যানারে মিছিলে অংশ নেন বলে জানানো হয়েছে। তাঁদের বাড়ি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার কিছু আগে অধিকাংশ মানুষ জুমার নামাজে থাকাকালে কয়েকজন যুবক পৌর শহরের থানার সামনে জড়ো হন। পরে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি-সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা আটজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। যুবলীগের মিছিলের খবরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহরে মিছিল বের করে। নামাজের সময় আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি এবং শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আয়াতুল্লাহ গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে। বন বিভাগ জানায়, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ডিঙি নৌকা থেকে হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়। বানিয়াখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান, আটক ৮৪

রাজধানীর ভাটারার এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৬ জন নারী। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করা হয়েছে। মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে ওই বাসায় অভিযান শুরু হয়। সেখানে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসত বলে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, বাসাটি পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তবে বাসাটির মালিকানা ও এ বিষয়ে অন্যান্য তথ্য আরও তদন্ত করে দেখা হচ্ছে।

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান, আটক ৮৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে গভীর পর্যন্ত অভিযানে তাদের আটক করে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। অভিযানে ৫১৯ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  তিনি আরও জানান, কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। এর আগে, কুমিল্লায় সাত দফার অভিযানে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের প্রধানরাসহ মোট ২৯৫৩ জনকে আটক করা হয়। গতকালের অভিযানসহ মোট আটকের সংখ্যা দাঁড়ালো ৩৪৭২ জনে। এদের মধ্যে অন্তত ১ হাজার জনকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাং সদস্যদের নাম আসে। এর পরই নড়েচড়ে বসে পুলিশ।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

১৩ ঘণ্টা পার হলেও দুই পুলিশ সদস্যকে ফেরত দেয়নি বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৩ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা উপজেলার শশীদল ইউনিয়নের আশা বাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযানে যাচ্ছিলেন। পুলিশ দেখে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়।  একপর্যায়ে ভারতীয় মাদক কারবারিরা দুই পুলিশ সদস্যকে ধরে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে জানা গেছে। এদিকে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ চলছে। তবে তাদের ফেরত দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের আশাবাড়ি এলাকা থেকে বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে আটক করে নিয়ে যায় বিএসএফ। বিডি-প্রতিদিন/টিএ

১৩ ঘণ্টা পার হলেও দুই পুলিশ সদস্যকে ফেরত দেয়নি বিএসএফ

রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

ঢাকা থেকে রাজশাহী আসার পথে বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আসামিদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ। পুলিশ সুপার জানান, আটক পাঁচজন পেশাদার অপরাধী। তাদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট এলাকায়। চলন্ত কাভার্ডভ্যানের দরজা ভেঙে বা কৌশলে খুলে মালামাল চুরির বিষয়ে তাঁদের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজগুলো সরিয়ে নিয়েছিলেন তারা। এ ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে সকালে জেলা ডিবি কার্যালয়ে যান তারা। আটক আসামিদের মধ্যে কেউ কেউ ক্রিকেটারদের স্পোর্টস ট্রাউজার ও পোশাক পরেছিলেন, আবার কেউ কেউ লাগেজে থাকা দামি পারফিউমও গায়ে মেখেছিলেন। তিনি আরও জানান, ক্রিকেটারদের খোয়া যাওয়া পাসপোর্ট, আইফোন, ডলার ও ক্রীড়াসামগ্রীসহ প্রায় সব মালামালই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এক ক্রিকেটারের ব্যাগে থাকা নগদ ৩ লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। সেটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালে উড়োজাহাজে করে রাজশাহী ফেরেন বিভাগীয় দলের সদস্যরা। অন্যদিকে বিসিবির একটি কাভার্ডভ্যানে খেলোয়াড়দের ৫৪টি লাগেজ বহন করা হচ্ছিল। সকালে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর মালামাল নামাতে গিয়ে দেখা যায় আটটি লাগেজ গায়েব। এ বিষয়ে ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করার পর যৌথ অভিযানে নামে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ। বিডি-প্রতিদিন/এআইএস

রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাইসেন্স-ভিসা তল্লাশিতে মালয়েশিয়ায় আটক ৪৭২

বাংলাদেশী অভিবাসীসহ ৪৭২ জনকে মালয়েশিয়া অপস মেগা অভিযানে আটক করেছে অভিবাসন বিভাগসহ যৌথ বাহিনী। প্রায় দুই হাজার ৫০০ জন বিদেশী নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মেগা অভিযানে। লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং বৈধ ভিসা পারমিট কাগজপত্রবিহীন অভিবাসী শনাক্তে এই ঝটিকা অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে সর্বমোট ৪৭২ জন আটককৃতের মধ্যে রেকর্ড সংখ্যক ৩৬৪ জনই বাংলাদেশের নাগরিক। বাকিদের মধ্যে মিয়ানমারের ৫৭ জন, ফিলিপিন্সের নয়জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের সাতজন করে, ভারতের ছয়জন, চীনের তিনজন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানিয়েছেন, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ৩৩৭ জন সদস্য যৌথভাবে এ কার্যক্রমে অংশ নেন। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে, যার মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করে পরবর্তী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে জানা যায়, যাচাই করা অধিকাংশ বিদেশীর বৈধ কাগজপত্র থাকলেও নির্দিষ্ট আইন লঙ্ঘনকারীদেরই মূলত আটক করা হয়েছে। অবৈধ ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ডিবিকেএল আইনি ব্যবস্থা নেবে। অভিবাসন কর্মকর্তা হামশাহ ইনজাউ বাংলাদেশীসহ সব অবৈধ অভিবাসীদের অবিলম্বে ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম)-এর আওতায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন।

লাইসেন্স-ভিসা তল্লাশিতে মালয়েশিয়ায় আটক ৪৭২

ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুইটি অভিযানে ১,১০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার হোগলাকান্দি আমতলা ও নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৪০) ও নয়াগাঁও বিল্লাপাড়া এলাকার রাজন মোল্লা (৩৮)। জেলা গোয়েন্দা শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুন্সীগঞ্জ সদর থানাধীন হোগলাকান্দি আমতলা গ্রামের মুন্সীরহাট টু চরডুমুরিয়াগামী রাস্তার পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনের পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় দেলুকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন নয়াগাঁও বিল্লাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রাজনকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওসি জানান, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে ও এই অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।

ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রাজধানীর শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনে সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহআলী থানার উপপরিদর্শক আতোয়ার রহমান। নিহত মেহেদীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি বর্তমানে মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন। সাইনবোর্ড তৈরির কাজ করতেন মেহেদী। এসআই আতোয়ার রহমান জানান, মধ্যরাতে শাহআলী মহিলা কলেজের সামনের সড়ক থেকে চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি পাশেই এক যুবককে ছুরিকাঘাত করেছেন। পরে আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই আতোয়ার রহমান।  

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream