সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ঘরে ঢুকেই অস্ত্রের মুখে জিম্মি, মরিচের গুঁড়ো ছিটিয়ে ছিনতাইকারীকে ধরলেন ২ নারী

ঘরে ঢুকেই অস্ত্রের মুখে জিম্মি, মরিচের গুঁড়ো ছিটিয়ে ছিনতাইকারীকে ধরলেন ২ নারী

বরিশাল নগরীতে পূজার কেনাকাটা শেষে বাসায় ফেরা দুই নারীকে অনুসরণ করে ঘরে ঢুকে ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করেছিল এক দুর্ধর্ষ ছিনতাইকারী। তবে শেষ রক্ষা হয়নি তার। ওই পরিবারের নারীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় উল্টো খাঁচায় বন্দি হতে হয়েছে তাকে। জিম্মিদশা থেকে বাঁচতে কৌশলে ছিনতাইকারীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে তাকে আটকে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী পরিবারটি। শনিবার রাতে নগরীর কাউনিয়া প্রথম লেনে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীর নাম অভিষেক সোম অভি (৩০। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার এলাকার লক্ষ্মণ চন্দ্র সোমের ছেলে। পুলিশ জানিয়েছে, অভি একজন চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউনিয়া প্রথম লেনের মো. সবুজের ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সাগরের স্ত্রী ও শ্যালিকা রাতে পূজার কেনাকাটা করতে বাজারে যান। কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে অভি তাদের অনুসরণ করতে থাকে। দুই নারী ঘরে প্রবেশ করে দরজা আটকানোর আগেই পেছন থেকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে সে। ঘরে ঢুকেই অভি তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ধারালো দেশীয় অস্ত্র বের করে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। চিৎকার করলে কেটে ফেলার হুমকি দিয়ে সবার মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার তার হাতে তুলে দিতে বলে। এ সময় ঘরের ভেতর এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ জানান, চরম বিপদের মুখেও ওই বাসার নারীরা দমে যাননি। তারা অত্যন্ত সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেন। ঘরের ভেতর কথা কাটাকাটির একপর্যায়ে এক নারী কৌশলে রান্নাঘর থেকে মরিচের গুঁড়ো এনে আচমকা অভির চোখে ছুড়ে মারেন। চোখে মরিচের তীব্র ঝাঁজালো গুঁড়ো পড়ায় অভি তাৎক্ষণিকভাবে দিশেহারা হয়ে পড়ে এবং বাঁচতে মরিয়া হয়ে এলোপাতাড়ি ধারালো অস্ত্র ঘোরাতে থাকে। এতে গৃহকর্তা সাগরসহ দুই নারী সামান্য জখম হন। তবে জখম নিয়েই পরিবারের সদস্যরা সাহসের সঙ্গে অভিকে জাপটে ধরে গণধোলাই দেন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ও আটক অবস্থায় অভিকে গ্রেপ্তার করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বেশ কয়েকটি ধারালো অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ওসি বলেন, গ্রেপ্তার হওয়া অভি একজন চিহ্নিত ছিনতাইকারী। এর আগে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় সে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। জামিনে বের হয়ে সে আবারও একই অপরাধ শুরু করে। শনিবার রাতের এ ঘটনায় তার বিরুদ্ধে দস্যুতার ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ ঘটনা ঘটে। আহত রমিজ মৃধা ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমিজ মৃধা বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় জিসান মৃধা (২০), কামাল, সাইদ হাওলাদার ও ভুট্টু হাওলাদারসহ ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রমিজ মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ মৃধা। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে জিসানকে মারধর করেন রমিজ এমন দাবি স্থানীয়দের। ওই ঘটনার জের ধরে গতকাল শনিবারের হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘রমিজ মৃধার হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream