অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব হবে ঢাকায়
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। এই আসরের মধ্য দিয়ে দীর্ঘ ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আর অলিম্পিক ক্রিকেটের পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। প্রতিযোগিতার সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এর ফলে অলিম্পিকে ক্রিকেট ফেরার আগে আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটি আয়োজনের কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ।
রোববার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, 'আমরা চেষ্টা করব, যেন সব ম্যাচ (অলিম্পিক বাছাইপর্বের) ঢাকায় আয়োজন করা যায়। আমি মনে করি, বাংলাদেশের জন্য এটি দারুণ একটি অর্জন।'
তিনি আরও বলেন, 'অলিম্পিকে ছয়টি দলের মধ্যে পাঁচটি দল ইতোমধ্যে নির্বাচিত হয়েছে। বাকি একটি জায়গার জন্য আট দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বের ভেন্যু নিয়ে গত তিন-চার মাস ধরে আমি আলোচনা করছিলাম, যেন বাংলাদেশ আয়োজক হতে পারে। আমি মনে করি, এটি অনেক বড় অর্জন। অলিম্পিক বাছাইপর্বের মতো একটি ইভেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।'