গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বারবার লড়েছে দেশের মানুষ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নির্যাতন ও ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন যাত্রা শুরু করেছে।সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।স্পিকার বলেন, জাতীয় সংসদ হলো জনগণের অধিকার, মতামত ও গণতান্ত্রিক প্রত্যাশা প্রকাশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। এ অধিকার আদায়ে তারা বারবার সাহস ও ত্যাগের পরিচয় দিয়েছেন।তিনি আরও বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি।
জাতীয় সংসদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরে স্পিকার বলেন, সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবময় অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে স্পিকার বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও প্রজ্ঞা কামনা করেন তিনি।