অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে হামজার, জয়ের অপেক্ষায় বাংলাদেশ
ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ। রক্ষণভাগ ও আক্রমণভাগকে আরও শক্তিশালী করতেই এই পরিবর্তন আনা হয়েছে।তবে আজকের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। তার হাতে থাকবে দলের নেতৃত্বের আর্মব্যান্ড।অধিনায়কত্ব নিয়ে আগের দিন নিজের অবস্থান পরিষ্কার করেছেন হামজা। তিনি জানিয়েছেন, কোচের দেওয়া যেকোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত। তবে অধিনায়কের আর্মব্যান্ডের চেয়েও দলের ঐক্য ও সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখাকে বেশি গুরুত্ব দেন তিনি।এবার সেই আত্মবিশ্বাস নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে মাঠে নামবেন হামজা। তার নেতৃত্বে জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
ভুটান ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ ইব্রাহিমকে এবার প্রথম মিনিট থেকেই মাঠে নামাচ্ছেন কোচ। আক্রমণভাগে ধার বাড়াতে একাদশে সুযোগ দেওয়া হয়েছে ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে। কৌশলগত এই পরিবর্তনের ফলে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া ও ফয়সাল ফাহিম। অন্যদিকে চোটের কারণে এই ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে বিশ্বনাথ ঘোষকে।
গত রবিবার গ্রুপ ‘এ’তে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের ড্রয়ের পরই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে আসর শুরু করে লাল-সবুজের দল।
এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। ড্র করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে পারবে স্বাগতিকরা। আর জয় পেলে নকআউট পর্বের আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।
বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।