সৈয়দপুর রেলওয়ে কারখানা উন্নয়নে বিনিয়োগ: সম্ভাব্যতা যাচাইয়ে আইডিবি'র প্রতিনিধির পরিদর্শন
শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার আধুনিকায়ন প্রকল্পে ৪ হাজার ২ শ' কোটি টাকার বিনিয়োগ সম্ভাব্যতা যাচাইয়ে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) উর্ধতন একজন প্রতিনিধি কারখানা পরিদর্শন করেছেন। এতে পরিদর্শন শেষে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে রেল সূত্র।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এই পরিদর্শনে আসেন আইডিবি'র অপারেশন হেড (বাংলাদেশ ও মালদ্বীপ) নাসের ইয়াকুবু। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন ব্যাংকের ঢাকা রিজিওনাল হাব এর প্রোজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট সাজিয়া সুলতানা। তাঁরা কারখানায় এসে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সূফী নুর মোহাম্মদ, কর্ম ব্যবস্থাপক (ডাব্লুএম) মমতাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় কারখানার শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সূফী নুর মোহাম্মদ জানান, আইডিবি'র দুইজন প্রতিনিধি কারখানার বিভিন্ন সপ (উপ-কারখানা), নতুন প্রজেক্টের আওতায় আরেকটি ক্যারেজ সপ স্থাপনের জায়গাসহ গুরুত্বপূর্ণ মেশিনারিজ পরিদর্শন করেন। এতে তারা বেশ সন্তুষ্ট বলে জানান এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। এজন্য আগামীতে আরও উর্ধতন কর্তৃপক্ষ এব্যাপারে যাচাই বাছাই করতে প্রয়োজনে পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন। ইতোপূর্বে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রতিনিধি দলও একইভাবে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের জন্য পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে আইডিবি'র সুদের হার এডিবি'র চেয়ে কম। তাই যদি আইডিবি বিনিয়োগে আগ্রহী হয়ে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে তাহলে দ্রুত আমরা আধুনিকায়নের পথে এগিয়ে যেতে পারবো। কারণ এই প্রকল্পে পর্যায়ক্রমে ৪ হাজার ২শ' কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বিপুল অর্থ বিনিয়োগ হলে সৈয়দপুর রেলওয়ে কারখানার ঐতিহ্য পুনরুদ্ধারসহ নতুন অনেক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হওয়াসহ রেলওয়ের সার্বিক ক্ষেত্রে কাঙ্খিত পরিবর্তন আনা সম্ভব হবে। আগামীর বাংলাদেশে রেলওয়ের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় যন্ত্রাংশ, বগি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম যোগান দিয়ে যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।