শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে গঠিত ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের প্রচলিত বেতনস্কেলে বিদ্যমান অসংগতি এবং এ নিয়ে ওঠা অভিযোগগুলো পর্যালোচনা করবে কমিটি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে তুলে ধরবে তারা। এ ছাড়া বেতন গ্রেডের উন্নীতকরণ, অবনমন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়টিও পর্যালোচনা করবে কমিটি। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালু করা যায় কি না, তা-ও বিবেচনা করা হবে। একই সঙ্গে বর্তমানে চালু থাকা বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো বা কমানোর প্রয়োজনীয়তা যাচাই করে সুপারিশ দেওয়ার দায়িত্বও পেয়েছে কমিটি। কমিটির কাজে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজন বিবেচনায় কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও পাবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির দাপ্তরিক ও সাচিবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা দেবে অর্থ বিভাগ।

রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তায় বর্তমানে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে। ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ খাতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গার্মেন্টসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ সমর্থকরা: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত কিছু মালিক ও শ্রমিক জড়িত বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে পতিত স্বৈরাচারের সমর্থক কিছু পক্ষ সাধারণ শ্রমিকদের ব্যবহার করে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের পক্ষে ইন্ধন দিয়ে শ্রমিকদের আন্দোলনের নামে ষড়যন্ত্রে জড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যারা শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছে। বন্ধ কারখানার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প মালিকদের সহযোগিতা চেয়েছি। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বন্ধ কারখানা খুলে দেবেন এবং যাদের কারখানা বন্ধ থাকবে তাদের তালিকা দেবেন।   নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, আজ বিকেল তিনটায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হবে।

গার্মেন্টসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ সমর্থকরা: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।  সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয় এই জুলাই। জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।’ সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চির জাগরূক হয়ে থাকবে। আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য পথনির্দেশক হিসেবে গণ্য করি। বহু সাহিত্যিককে নাটক ও সাংস্কৃতিক প্রগ্রামে এই জুলাইকে প্রতিফলন করতে হবে। শুধু জুলাই আসলে বা বাৎসরিক অনুষ্ঠান দিয়েই এটা শেষ করলে হবে না। যত দিন শহীদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা, জুলাইয়ের প্রত্যাশা, জনজীবনের প্রত্যাশা পূরণ না হবে, তত দিন শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।’  জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রক্রিয়া শেষ করে এসেছি। কিছু অংশ আছে সাংবিধানিক, কিছু আইনবিষয়ক। আইনি ও বিধিবিধান চলমান প্রক্রিয়া। আমার এমন সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটা অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা বিরোধী দল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছেন না।’ তিনি বলেন, জুলাই ছাত্র অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণের জন্য আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন। এবং তা বাস্তবায়ন করে চলছেন। শহীদদের সব আকাঙ্ক্ষা আমাদের সেই পরিকল্পনার অংশ।  

জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলনায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত শাহ আলমকে দেখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। শাহ আলমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারকে আশ্বস্ত করে বলেন, ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। হাসপাতালে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। খুলনা জেলার এ সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম গত ৯ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে গুরুতর জখম করা হয়। পরে শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরদিন শুক্রবার রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেয় খুলনা জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

জুয়া-মাদকের আসক্তিই অনেক অপরাধের কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কোনো না কোনোভাবে প্রতিটি অপরাধের পেছনে জুয়া অথবা মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বিশেষ করে যুবসমাজের অপরাধ বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক ক্ষেত্রে তাঁরা মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়েছেন অথবা মাদক কেনার অর্থ জোগাড় করতে অপরাধ করেছেন। একইভাবে জুয়ায় আসক্তিও নানা অপরাধের পেছনে ভূমিকা রাখছে। আজ বুধবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু অপরাধ সংঘটনের পর অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও সাজা দিলেই অপরাধ দমন করা সম্ভব নয়। কেন অপরাধ হচ্ছে, সমাজকে বিশ্লেষণ ও গবেষণা করে সেই মূল কারণ চিহ্নিত করতে হবে।’ অপরাধকে তিনি উপসর্গের সঙ্গে তুলনা করে বলেন, ‘জ্বর যেমন কোনো রোগের উপসর্গ, তেমনি অপরাধও অনেক সময় অন্য সমস্যার উপসর্গ। মূল কারণ চিহ্নিত করে সেখানে সমাধান আনতে পারলে অপরাধের হার কমানো সম্ভব।’ বিভিন্ন অপরাধ নিয়ে র‍্যাবের বিশ্লেষণের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখা গেছে, কিছু গুরুতর অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। সম্প্রতি একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় দেখা গেছে, অভিযুক্তরা মাদকাসক্ত ছিল। কেউ নেশার কারণে অপরাধ করেছে, আবার কেউ নেশার সামগ্রী কেনার অর্থ জোগাড় করতে অপরাধে জড়িয়েছে। একইভাবে জুয়া ও মাদকের অর্থের প্রয়োজন থেকে একজন অপরাধী আরও নানা অপরাধে জড়িয়েছে বলেও বিশ্লেষণে উঠে এসেছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুয়া ও মাদকের জায়গায় যদি নিয়ন্ত্রণ আনা যায়, তাহলে সমাজে অপরাধের হারও কমবে। এ জন্য অপরাধের মূল কারণ নিয়ে গবেষণা ও বিশ্লেষণ জরুরি।’ অনুষ্ঠানে অপরাধের ধরন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ডিজিটালাইজেশনের কারণে অপরাধের ধরনও বদলে গেছে। এখন সাইবার স্পেসে মাদক, জুয়া, ব্ল্যাকমেলসহ বিভিন্ন ধরনের অপরাধ ছড়িয়ে পড়ছে। এসব অপরাধ শনাক্ত করতে শুধু ঘটনাস্থল বা অবস্থান শনাক্ত করাই যথেষ্ট নয়; টেলিফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষা ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ডিজিটাল তথ্য আদালতে মামলার প্রমাণ হিসেবেও উপস্থাপন করতে হচ্ছে।’ অপরাধের ধরন পরিবর্তিত হলেও সে অনুযায়ী পুলিশকে এখনো পুরোপুরি আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এ কারণে সরকার শিগগিরই সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশ সদর দপ্তর, এপিবিএন ও প্রতিটি ডিভিশনাল হেডকোয়ার্টারে আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট ও ল্যাব স্থাপনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। জেলা পর্যায়েও সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। থানা ও উপজেলা পর্যায়েও এ বিষয়ে কর্মকর্তারা কাজ করবেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক শনাক্তকরণ ও পরীক্ষার জন্য জেলা পর্যায়ে ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড এবং ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাও করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সাইবার অপরাধ, মাদক ও অন্যান্য অপরাধের তদন্ত সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ‘বর্তমানে অনেক অপরাধই ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের সঙ্গে যুক্ত। বিশেষ করে স্ক্যাম ও সাইবার অপরাধের ক্ষেত্রে একাধিক দেশের অপরাধী চক্র জড়িত থাকে। বিভিন্ন দেশে পুলিশ পরিচয়ে প্রতারণা, ব্ল্যাকমেলিং-সহ নানা ধরনের সাইবার অপরাধের প্রবণতা বেড়েছে। এসব অপরাধ মোকাবিলায় দেশীয় সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন।’ অপরাধ বিষয়ক রিপোর্টারদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রাইম রিপোর্টিং মূলত ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের সাংবাদিকতায় অনেক পড়াশোনা ও অনুসন্ধানের প্রয়োজন হয়। বিশেষ করে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম ও সাইবার অপরাধের ক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও কর্মকর্তার সঙ্গে তথ্য আদান-প্রদান প্রয়োজন হতে পারে।’ ক্রাইম রিপোর্টারদের ঝুঁকি ভাতার দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ঝুঁকি ভাতা মূলত সরকারি কর্মকর্তা, পুলিশ বা সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্টিং করতে গিয়ে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত বা আহত হলে তাদের জন্য কোনোভাবে সহযোগিতার ব্যবস্থা করা যায় কি না, তা তিনি চেষ্টা করবেন। তিনি বলেন, সরকারি সহযোগিতা অথবা করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) প্রকল্পের মাধ্যমে এ ধরনের সহায়তার সুযোগ খতিয়ে দেখা হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজে রিপোর্টিং এবং অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ক্রাইম রিপোর্টারদের সনদ দেওয়ার বিষয়টিও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দেখার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সময়ের সঙ্গে অপরাধের ধরন ও সামাজিক বাস্তবতা পরিবর্তিত হয়। সে অনুযায়ী আইনও সংশোধন বা নতুন আইন প্রণয়ন করতে হয়। পুরোনো আইনের মাধ্যমে নতুন ধরনের অপরাধ মোকাবিলা অনেক সময় সম্ভব হয় না।’ অনলাইন জুয়ার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘পুরোনো জুয়া প্রতিরোধ আইনের মাধ্যমে বর্তমানের অনলাইন ও সাইবার স্পেসভিত্তিক জুয়া মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে আধুনিক আইন করা হয়েছে। সেখানে সাইবার স্পেসে জুয়া, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম ও ফিক্সিংসহ বিভিন্ন অপরাধের সংজ্ঞা এবং শাস্তির বিধান রাখা হয়েছে।’ অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপরও গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সমাজে সচেতনতা তৈরি করা এবং নতুন আইনে কোনো অপরাধের কী শাস্তি রয়েছে, তা মানুষকে জানানো। আইন, বিচারব্যবস্থা, সাংবাদিকতা ও সামাজিক সচেতনতার সমন্বিত ভূমিকার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। ’ অ্যাসিড-সন্ত্রাসের উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সাংবাদিকদের ভূমিকার কারণে অ্যাসিড-সংক্রান্ত অপরাধ প্রায় বিলুপ্তির পর্যায়ে এসেছে। একইভাবে অন্যান্য অপরাধও নির্দিষ্ট কারণ চিহ্নিত করে আইনগত ও সামাজিক উদ্যোগের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব।’ ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

জুয়া-মাদকের আসক্তিই অনেক অপরাধের কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মাঝেমধ্যে উঁকিঝুঁকি দেন, সরকার আমলে নিচ্ছে না’: শেখ হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না।শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার চেহারা দেখা যায়নি। দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দেন। তবে এসব সরকার আমলে নিচ্ছে না।’তিনি আরও বলেন, ‘যারা গণহত্যা চালিয়েছে এবং যাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, তাদের বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না। তাদের রাজনীতিও দেশের মানুষ গ্রহণ করছে না।’এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ বলেন, সমুদ্রসম্পদ এবং গভীর সমুদ্রবন্দরকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে বর্তমান সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘মাঝেমধ্যে উঁকিঝুঁকি দেন, সরকার আমলে নিচ্ছে না’: শেখ হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream