বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জামায়াত-শিবির প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

জামায়াত-শিবির প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। আজ বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ, ঢাকা মহানগর এরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মো. শহিদুল হক, সাংগঠনিক কমান্ডার সরফুদ্দিন আহম্মদ নুরু, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দিন ও দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। অথচ সেই দেশে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার চেতনাকে অবমাননা করার শামিল। মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ বলেন, ‘আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরাই জামায়াত-শিবিরকে এ দেশে বিচরণের সুযোগ দিয়েছি। আজ প্রতিবাদ করছি। এরপর আর শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।’ মুক্তিযোদ্ধা সৈয়দ মনছুর উদ্দিন আহম্মদ আরও বলেন, ‘আপনারা পালানোর জায়গাও পাবেন না। পাকিস্তানের দালালি করে পালানোর পথ খুঁজে পাবেন না। বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা দিয়েছেন। নিজেদের মুসলমান দাবি করার আগে এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।’ বক্তারা আরও বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা তা নীরবে সহ্য করবেন না। ভবিষ্যতে দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream