ভু্ক্তভোগীদের মাঝে প্রণোদনা বিতরণ ও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সবাইকে সজাগ থাকার আহ্বান: হুইপ জি কে গৌছ
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ জি কে গৌছ বলেছেন, সরকারের প্রণোদনার বিষয়ে দলীয় বিবেচনা না করে সঠিক তালিকা তৈরি করে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে তা বিতরণ করতে হবে। তিনি উল্লেখ করেন, জেনেশুনে বিএনপি কোনো অন্যায় করবে না বা অন্যায়কে প্রশ্রয় দেবে না। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গ্রাম বা শহরের সাধারণ মানুষ যারাই আপনাদের কাছে আসবেন, তারা যেন হাসিমুখে অফিস থেকে বাসায় ফিরতে পারেন।সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ জি কে গৌছ আরও বলেন, গায়েবী মামলা, গোপনে মামলা কিংবা মিথ্যা মামলার ঘটনার সাথে যারা সম্পৃক্ত নন, এমন সব নিরীহ মানুষকে আসামি করে হয়রানি করা যাবে না। বিগত ১৫ বছর শেখ হাসিনার সরকারের আমলে এসব মিথ্যা মামলা মোকাবেলা করতে হয়েছে। তবে প্রকৃত অপরাধী বা আসামিরা যেন বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক—সে দলের হোক বা কারো আত্মীয় হোক—অপরাধী অপরাধীই। বিএনপি দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল এবং এই দলের ঐতিহ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিজে দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেব না, এটাই হবে শহীদদের স্বপ্ন। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পূর্বে জনগণের মাঝে যে অঙ্গীকারগুলো করেছেন, তা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিগত সরকারের আমলে পূজা উদযাপন পরিষদ এবং দলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদ একসঙ্গে মিলেমিশে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেদিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকতে হবে।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে পানসী রেস্টুরেন্টে এক সভায় মিলিত হন।