৭ দফা দাবি আদায় ও গণহত্যার বিচারের দাবিতে ভাঙ্গায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লংমার্চ
স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:৭ দফা দাবি আদায়, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় জোটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানান, এসব সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা না হলে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলের লংমার্চ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে পৌরসভা-সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অবিলম্বে সব ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের জোর দাবি জানান।ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসাইন ও পৌর জামায়াতের আমির মো. এনায়েত হোসেনের তত্ত্বাবধানে সকাল থেকেই লংমার্চ ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই নারী-পুরুষসহ শত শত নেতাকর্মী ভাঙ্গা বিশ্বরোড এলাকায় জড়ো হন। তারা সড়কের দুই পাশে ব্যানার হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, জেলা শিবিরের সভাপতি সালাউদ্দিন, জামায়াত নেতা রিপন শিকদার, ভাঙ্গা পৌর আমির ডা. মো. এনায়েত হোসেন, জামায়াত নেতা মফিজুল ইসলাম মাসুদ ও মো. হাফিজুল ইসলামসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।