সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
ইয়ামাল-আদেইয়েমির নৈপুণ্যে বার্সার স্বস্তির জয়

ইয়ামাল-আদেইয়েমির নৈপুণ্যে বার্সার স্বস্তির জয়

বার্সেলোনাকে লেভান্তের মাঠে স্বস্তির জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। তবে হান্সি ফ্লিকের দল লামিন ইয়ামালের জোড়া গোল এবং কারিম আদেইয়েমির শেষ মুহূর্তের গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। রোববার লেভান্তের মাঠে লা লিগার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় তারা। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন তরুণ লেফট-ব্যাক শাভি এসপার্ত। পেশাদার ফুটবলে এটিই তার প্রথম গোল। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। রাফিনিয়ার কাটব্যাক থেকে খুব কাছ থেকে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ষষ্ঠ গোল। ২ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লেভান্তে। প্রথমার্ধের শেষ দিকে বার্সেলোনার রক্ষণে বেশ চাপ তৈরি করে স্বাগতিকরা। তবে গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ধাক্কা খায় লেভান্তে। ৪৮তম মিনিটে ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার সপ্তম গোল। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লেভান্তে। ৬০তম মিনিটে গোললাইন থেকে আইভান রোমেরোর শট ঠেকিয়ে বার্সাকে রক্ষা করেন আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেন। পরের মিনিটেও রোমেরোর শট পা দিয়ে ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়া। ৭৯তম মিনিটে অবশ্য আর রক্ষা হয়নি বার্সার। রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে যান রোমেরো। গোলরক্ষক গার্সিয়াকে কাটিয়ে সহজেই জালে পাঠিয়ে ব্যবধান কমান তিনি। ৮৮তম মিনিটে আরো একবার কাঁপে বার্সেলোনা। দুই প্রতিপক্ষকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের ফিরিয়ে দেয়া বলেই জাল খুঁজে নেন রজার ব্রুগেই। তাতে ব্যবধান নেমে আসে ৩-২। ফলে শেষ মুহূর্তে বার্সার জয় নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেই শঙ্কা দূর করেন কারিম আদেইয়েমি। মাঝমাঠ থেকে বল নিয়ে একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। লা লিগায় পাঁচ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্লিকের দল। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লেভান্তের অবস্থান ১৩তম।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream