বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নির্বাচনে হেরে পাসপোর্ট বাতিলের আগেই ব্রাজিল ছাড়লেন ফ্লাভিও

নির্বাচনে হেরে পাসপোর্ট বাতিলের আগেই ব্রাজিল ছাড়লেন ফ্লাভিও

প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর সপরিবারে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন ফ্লাভিও বলসোনারো। ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলেও জানা গেছে।বিবিসিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্রাজিলের কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দেশ ছাড়েন।মানি লন্ডারিংয়ের অভিযোগে ফ্লাভিওর বিরুদ্ধে ব্রাজিলে তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে দেশটির সুপ্রিম কোর্ট তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি ব্রাজিল ছেড়ে যান।এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি। ফ্লাভিও অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছেন।গত মঙ্গলবার পাসপোর্ট জমা দেওয়ার নির্ধারিত সময় পার হওয়ার পর তাঁর পাসপোর্টগুলো বাতিল করা হয়। এরপর থেকেই তাঁর অবস্থান নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। এর আগে থেকেই ফ্লাভিও দেশ ছেড়ে যেতে পারেন বলে গুঞ্জন চলছিল। বিবিসি ব্রাজিল ও বিবিসি মুন্দোকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন ফ্লাভিও। সেখানে তিনি তাঁর ছোট ভাই এদুয়ার্দোর সঙ্গে দেখা করেছেন। যদিও ফ্লাভিও কীভাবে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে গেলেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে দুই ভাইয়ের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। আল-জাজিরার প্রতিবেদনের খবর, ফ্লাভিও যে সপরিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন, সেটা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাভিও এবং তাঁর পরিবারের সদস্যদের ভিসা দেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে ফ্লাভিওর সঙ্গে পরিবারের কোন কোন সদস্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন, তা নিশ্চিত করে জানানো হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্র ও ব্রাজিল—উভয় দেশের দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। গত সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট মানি লন্ডারিংয়ের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে ফ্লাভিওকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর পাসপোর্ট পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন। ওই সময় ফ্লাভিও জানান, দেশ ছাড়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। ব্রাজিলে থেকেই তিনি বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরোধিতার নেতৃত্ব দেবেন। ব্রাজিলে গত রোববারের নির্বাচনে ফ্লাভিওকে হারিয়ে জয় পেয়েছেন লুলা। পাসপোর্ট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফ্লাভিওর আইনজীবীরা বিবিসি ব্রাজিলকে জানান, ফ্লাভিও কোথায় আছেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। গত সোমবার স্থানীয় সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন ফ্লাভিও। এর পর থেকে ফ্লাভিওকে প্রকাশ্যে আর কোনো বিবৃতি দিতে দেখা যায়নি। পুলিশের একটি সূত্র বিবিসিকে জানায়, ফ্লাভিও ব্রাজিল ছেড়ে প্রতিবেশী আর্জেন্টিনায় পালিয়েছেন কি না, তা নিশ্চিত হতে ফেডারেল কর্মকর্তারা সীমান্ত পারাপারের জায়গাগুলো পরীক্ষা করেছেন। আর্জেন্টিনার কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, সীমান্ত পেরিয়ে সিনেটর ফ্লাভিওর আর্জেন্টিনায় প্রবেশ করার রেকর্ড তাদের কাছে নেই। ব্রাজিলে গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে ৪৫ বছর বয়সী ফ্লাভিওকে হারিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় গেছেন লুলা। বর্তমানে লুলার বয়স ৮১ বছর। এবারের নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে ব্যাপক সম্ভাবনা জাগিয়ে হেরেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও। ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ডানপন্থী এ প্রার্থী নির্বাচনের ফলাফল বাতিলের দাবি তুলেছেন। ফ্লাভিওর ছোট ভাই এদুয়ার্দো বলসোনারো যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করেন। তবে গত রোববার তাঁকে মিয়ামিতে দেখা গেছে।

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৪৯৪ জন এবং এখনও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া এই তথ্য জানিয়েছেন। এদিকে, ভূমিকম্পের পর প্রায় চাঁর দিন পেরিয়ে যাওয়ার পর উদ্ধার অভিযান চলছে।। আল জাজিরার খবরে বলা হয়েছে, ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির পর বুধবার উদ্ধার অভিযান ৭২ ঘণ্টার গুরুত্বপূর্ণ সময়সীমার কাছাকাছি পৌঁছায়। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে জীবিতদের উদ্ধারের ক্ষেত্রে সাধারণত প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। তবে ওই সময়সীমা পেরিয়েও জীবিতদের উদ্ধারের নজির রয়েছে। কালির মেয়র আলেহান্দ্রো এদের গতকাল বুধবার বলেন, ‘আমরা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছি। এর অর্থ এই নয় যে এরপর আর কোনো জীবিত মানুষকে পাওয়া যাবে না, তবে তখন তা আরও কঠিন হয়ে যাবে।’ ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে ৯ হাজার ৫৫০ টির বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। কফি উৎপাদন অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত পেরেইরা শহরে ৮৩ জন এবং দেশের তৃতীয় বৃহত্তম শহর কালিতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। পেরেইরায় উদ্ধারকারীরা একটি ধসে পড়া বেকারির ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছেন। সেখানে সোমবারের ভূমিকম্পের পর আটকে পড়া এক রাস্তার বিক্রেতা এখনও জীবিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কম্পন শনাক্ত করতে সক্ষম বিশেষ সরঞ্জাম ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে সম্ভাব্য প্রাণের সংকেত পেয়েছেন। এতে আটকে থাকা পাবলো লোয়াইজার স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁর ১৬ বছর বয়সী ভাতিজি সারা লোয়াইজা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তারা আমাদের বলছে, এটা হয়তো তিনিই। আমার হৃদয় যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে।’ স্বজনেরা জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিকে দুবার, এরপর তিনবার শব্দ করার অনুরোধ করলে তিনি সাড়া দিয়েছেন বলে মনে হয়েছে। কালিতে উদ্ধারকারীরা তৃতীয় রাতেও ধ্বংসস্তূপের নিচে জীবনের সন্ধানে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তারা খালি হাত, ক্রেন ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করছেন। শব্দ শনাক্ত করার জন্য নিয়মিত কাজ থামিয়ে পুরো এলাকা নীরবও করা হচ্ছে। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী জোহানা সানচেজ এএফপিকে বলেন, ‘প্রতি আধা ঘণ্টায় আমরা সবাইকে চুপ থাকতে বলি, যাতে জীবিত মানুষ খুঁজে পাওয়া যায় কি না, তা শোনা যায়। এখন পর্যন্ত তিনজনকে জীবিত এবং তিনজনকে মৃত অবস্থায় বের করে আনা হয়েছে।’ কালির দক্ষিণাঞ্চলের তোরেস দেল লিমোনার আবাসিক কমপ্লেক্সে বাসিন্দারা ধ্বংসস্তূপ সরাতে হাতে হাতে মালামাল পৌঁছে দেওয়ার মানবশৃঙ্খল তৈরি করেছেন। সৈন্য, মেয়রের কার্যালয়ের কর্মী ও অন্যরা ধ্বংসস্তূপের স্তূপ থেকে একে অপরের হাতে তা তুলে দিচ্ছেন।

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream