সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বেতন বাড়ল গ্রাম পুলিশের, সঙ্গে আরও যেসব সুবিধা

বেতন বাড়ল গ্রাম পুলিশের, সঙ্গে আরও যেসব সুবিধা

সরকার গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের জন্য মাসিক মোবাইল ভাতা চালু করা, বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানো এবং নারী সদস্যদের ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক চারটি পরিপত্র ও সম্মতিপত্র জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে জারি করা এসব পরিপত্রে সই করেছেন সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ প্রধান বা দফাদারের মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, সাধারণ গ্রাম পুলিশ সদস্য বা মহল্লাদারদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব সুবিধা দেওয়ার ঘোষণা দেন। এবার প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে সরকার। ৪৬ হাজার গ্রাম পুলিশের বেতন বেড়েছে স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে দেশে ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৫৭৮ জন গ্রাম পুলিশ প্রধান এবং ৪১ হাজার ২৯২ জন সাধারণ গ্রাম পুলিশ কর্মরত আছেন। সব মিলিয়ে ৪৫ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য বর্ধিত বেতন পাবেন। গ্রাম পুলিশদের বেতন–ভাতার ৫০ শতাংশ সরকার ও বাকি ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়ার নিয়ম। নতুন করে বাড়ানো মাসিক ৫০০ টাকার পুরোটাই সরকার বহন করবে। এ জন্য বিদ্যমান সরকারি বরাদ্দের অতিরিক্ত অর্থছাড়ের প্রয়োজন হবে। স্থানীয় সরকার বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে এ বিষয়ে সম্মতি চেয়েছে। মাসে ২০০ টাকা মোবাইল ভাতা গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সুবিধার্থে নতুন করে মাসিক ২০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ টাকা সরকার এবং বাকি ১০০ টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও দুর্যোগকালীন জরুরি যোগাযোগে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় থানা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়। বাইসাইকেল পাবেন তিন বছর পর গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমাও কমিয়েছে সরকার। আগে পাঁচ বছর পরপর একটি বাইসাইকেল পাওয়ার যোগ্য হতেন তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন বছর পরপর বাইসাইকেল পাওয়ার সুযোগ থাকবে। এ বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত সুবিধা বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ প্রধান ও সাধারণ গ্রাম পুলিশের বাইসাইকেল পাওয়ার যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে বাইসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম পাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছিল। নতুন পরিপত্রের মাধ্যমে শুধু বাইসাইকেল পাওয়ার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। অন্যান্য শর্ত ও সরঞ্জামের প্রাপ্যতা আগের মতো বহাল থাকবে। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে সরকার। নতুন পরিপত্র অনুযায়ী, কোনো নারী গ্রাম পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটির আবেদন করলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাঁকে পূর্ণ বেতনে ছয় মাসের ছুটি মঞ্জুর করতে হবে। বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় সংশ্লিষ্ট নারী সদস্যের মাসিক বেতন–ভাতার সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশ যথারীতি পরিশোধ নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক নানা কাজে নারী গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তৃণমূল পর্যায়ে কর্মরত এসব নারী সদস্যের কল্যাণ ও পরিবারের প্রতি সরকারের সমর্থনের অংশ হিসেবে মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে বর্তমানে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবি-দাওয়া নেই, অথচ একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এই বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে সাধারণ কোনো শ্রমিক যুক্ত নেই; বরং শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি অনাকাঙ্ক্ষিত হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে। মন্ত্রী উল্লেখ করে বলেন, তদন্তে দেখা গেছে, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে থাকা কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ রাজনৈতিক এজেন্ডা ও ভূমিকা এর পেছনে কাজ করছে। পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত চক্রান্ত বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার এসব রাষ্ট্রবিরোধী সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশনা দিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের প্রধান দাবি ছিল প্রতি তিন বছর পর পর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা। সরকারের পক্ষ থেকে যথেষ্ট সময় আগেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রমিক পক্ষের প্রতিনিধি নাম প্রদানে কিছুটা সময় নেওয়ায় বোর্ড গঠনে সামান্য বিলম্ব হলেও, নাম প্রাপ্তির পর পরই মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই এর প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই বোর্ডে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে আগামী ১ জানুয়ারি (২০২৭) থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বোর্ড কাজ পরিচালনা করছে। সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমবান্ধব, শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনা করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধি করা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি গার্মেন্টস মালিকদের সঙ্গে সরকারের দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গেও বিশদ আলোচনা করা হয়েছে। উভয় পক্ষই একমত হয়ে স্বীকার করেছেন যে, এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়; বরং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা কোনো অবস্থাতেই ‘প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ’ না করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারা অত্যন্ত সংযম প্রদর্শন করেছেন এবং শ্রমিকদের ওপর বলপ্রয়োগ থেকে বিরত থেকেছেন। তবে এই সুযোগে মাফিয়া ও অপরাধী চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকেরা কাজে ফিরলে শিল্প উৎপাদন সচল থাকবে এবং শ্রমিকদের নিজস্ব কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি তিনি আটক হয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পে-স্কেলে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রমের নির্ধারিত সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে। গত ৫ অক্টোবর শুরু হওয়া এ প্রক্রিয়ায় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করা হচ্ছে। এ কার্যক্রম সম্পন্ন হলে অক্টোবর মাসের বেতনের সঙ্গে নতুন পে-স্কেল অনুযায়ী তিন মাসের বেতন-ভাতা পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের। আইবাস প্লাস প্লাসের পাইলটিং কার্যক্রমের তথ্যমতে, জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী জুন ২০২৬ মাসের বেতন-ভাতা উত্তোলন এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা সাবমিট না করা পর্যন্ত জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা যাবে না। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসের বকেয়া অর্থও পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে গ্রেড, আগের মূল বেতন, নতুন নির্ধারিত বেতন ও কার্যকর হওয়ার সময়ের ভিত্তিতে বকেয়ার পরিমাণ ভিন্ন হবে। দীর্ঘদিন নতুন বেতনকাঠামো না আসায় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বেতনবৈষম্য নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল। এর মধ্যে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় বেতনস্কেল অনুমোদন দেওয়া হয়। এরপর ১৯ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ প্রকাশ করা হয়। আদেশটি ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য করা হয়েছে। ২০২৬ সালের নতুন বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী নির্ধারিত মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত আগের নিয়মে প্রচলিত মূল বেতনের ভিত্তিতে ভাতা দেওয়া হবে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। তখন জানানো হয়েছিল, নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের বিষয়টি পরবর্তী সময়ে বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এই কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলেও বেতন ও ভাতার সব সুবিধা একসঙ্গে চালু হচ্ছে না। কয়েকটি ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন কাঠামোর মূল বেতন কার্যকর করা হবে। অন্যদিকে, সংশোধিত কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হওয়ার নির্ধারিত সময় ২০২৮ সালের ১ জানুয়ারি। এদিকে মঙ্গলবার অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রচলিত যেসব ভাতা মূল বেতনের শতাংশ ভিত্তিতে দেওয়া হয়, সেগুলো ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও প্রদান করতে হবে।    

পে-স্কেলে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু

গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে নতুন জাতীয় পে স্কেলের। পে স্কেলের খসড়া ইতোমধ্যে বিজি প্রেসে পাঠানো হয়েছে। খসড়া বিজি প্রেসে গতকালই পাঠিয়েছেন বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সূত্র জানায়, বিজি প্রেস থেকে এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর পেয়ে প্রকাশ করা হবে। এদিকে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের ঘোষণা দিয়েছেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি। তবে প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে কিছুটা দেরি হচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে জানান, আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। গত সোমবার মন্ত্রিসভায় নতুন এই বেতনকাঠামো অনুমোদিত হয়। নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়েও সরকারের মধ্যে প্রস্তুতি চলছে। মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনায় (এমটিবিএফ) বিবেচনায় রাখা হয়েছিল। ফলে এটি সরকারের জন্য হঠাৎ তৈরি হওয়া কোনো ব্যয় নয়। তিনি বলেন, ‘সরকার প্রতিবছর শুধু এক বছরের বাজেট করে না; বরং আগামী কয়েক বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের একটি আগাম হিসাবও করে। নতুন পে স্কেলের সম্ভাব্য ব্যয়ও সেই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনায় ছিল।’

নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু

পে-স্কেল ঝুলিয়ে রাখলে সংকট আরও জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে। সংস্থাটির মতে, বিষয়টিকে এভাবে ঝুলিয়ে রাখলে সংকট কমবে না, বরং যত দেরি হবে পরিস্থিতি ততই জটিল রূপ নেবে। ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সোমবার (২৪ আগস্ট) আয়োজিত ‘সরকারের ছয় মাসের কার্যক্রমের ওপর মূল্যায়ন’ বিষয়ক এক মিডিয়া সংলাপে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সংলাপে উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির আরেক সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। বেতন-ভাতার সিদ্ধান্ত নিতে দীর্ঘসূত্রিতার কারণ ব্যাখ্যা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চলতি অর্থবছরের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে, যা বড় একটি আর্থিক সীমাবদ্ধতা। অন্তর্বর্তী সরকারের গঠিত বেতন কাঠামোর প্রতিবেদন মূল্যায়ন করে তা ভাগে ভাগে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এত দেরি না করে শুরুতেই যদি ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে কিছুটা সময় প্রার্থনা করা হতো, তবে পরিস্থিতি এতদূর গড়াতো না। বেতন-ভাতার সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলে সরকারের অন্যান্য কাজও মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে সিপিডি। সরকারের গত ছয় মাসের পারফরম্যান্স তুলে ধরে সিপিডি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে মোট ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় উত্তরাধিকার সূত্রে কিছু কাঠামোগত অসুবিধা ও বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের সময়কার পরিস্থিতি নিয়ে কোনো সমন্বিত তথ্যভিত্তিক দলিল বা হোয়াইট পেপার তৈরি না করায় এখন বিভিন্ন অর্থনৈতিক অগ্রগতি ও পরিসংখ্যানের সঠিক মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও সংস্কার কার্যক্রম মূল্যায়ন করতে সিপিডি প্রায় ৩৬২টি পদক্ষেপের একটি তালিকা তৈরি করেছে, যা ৯টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সুশাসনের ক্ষেত্রে ১০৫টি ঘটনা মূল্যায়নে রাখা হয়েছে। এর মধ্যে সরকারি এমপিদের প্লট ও গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। তবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে নিয়োগের ক্ষেত্রে মেধার প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটেছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

পে-স্কেল ঝুলিয়ে রাখলে সংকট আরও জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream