নেত্রকোণার কলমাকান্দায় ৬ দফা দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল
নেত্রকোণা প্রতিনিধি: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ ও বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোণার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। এ সময় ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন শিক্ষার্থীরা।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।কর্মসূচিতে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশের নানা সমস্যায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শারীরিক-মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা এবং নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।ছয় দফা দাবিকর্মসূচি থেকে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর, নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ইউএনও কার্যালয়ের সামনে পৌঁছালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন।দাবিগুলো নিয়ে আলোচনার আশ্বাসবিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁদের বক্তব্য শোনেন এবং দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।ইউএনও এন.এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”এক মাসের ব্যবধানে ফের বিক্ষোভএর আগে ১৬ আগস্ট একই দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এক মাসের ব্যবধানে বুধবার আবারও একই দাবিতে কর্মসূচি পালন করলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।অংশগ্রহণকারীরা বলেন, বিদ্যালয়ের জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়গুলো শিক্ষার্থীদের স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। এসব বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ চান তাঁরা।