শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
২ শতক জমিতে চার শতাধিক লাউ, বগুড়ার আমজাদের মাচা দেখতে কৃষকদের ভিড়

২ শতক জমিতে চার শতাধিক লাউ, বগুড়ার আমজাদের মাচা দেখতে কৃষকদের ভিড়

মো. সাজেদুর রহমান সবুজ, বগুড়ামাত্র দুই শতক জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামের কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন। চলতি মৌসুমে শাহনগর পূর্বপাড়া গ্রামে রাস্তার পাশে পরীক্ষামূলকভাবে হাইব্রিড জাতের লাউ চাষ করে তিনি এই বাম্পার ফলন পেয়েছেন। ছোট্ট একটি মাচায় চার শতাধিক লাউ ঝুলে থাকার মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে উৎসুক সবজি চাষি ও পথচারীরা ভিড় করছেন।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আমজাদ হোসেনের এই লাউ মাচা পরিদর্শনে যান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। মাচায় লাউয়ের এমন বাম্পার ফলন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত সবজি চাষিদের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান হওয়ার নানা কলাকৌশল তুলে ধরেন। পরিদর্শনের সময় শাজাহানপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছাদ্দেক হোসেন শাওন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।মাচা দেখতে আসা বড়পাথার গ্রামের সবজি চাষি আব্দুল কাফি, কামারপাড়া গ্রামের আব্দুল হালিম এবং শাহনগর সোনারপাড়া গ্রামের নজরুল ইসলাম জানান, তারা আগেও লাউ চাষ করেছেন, কিন্তু মাত্র দুই শতক জমিতে এমন অভাবনীয় ফলন কখনো দেখেননি। এই পদ্ধতি অনুসরণ করলে সবজি চাষিরা নিশ্চিতভাবে লাভবান হবেন বলে তারা মনে করেন।বাম্পার ফলনের রহস্য জানাতে গিয়ে কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন বলেন, ভালো ফলন পেতে হলে মানসম্মত বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতির বিকল্প নেই। তিনি প্রথমে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে মাটি প্রস্তুত করে মালচিং বেড তৈরি করেন। এরপর প্রতি শতক জমিতে ৪০টি করে হাইব্রিড জাতের মেঘনা, ফ্রেস ও বাউল লাউয়ের চারা রোপণ করেন। গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ৬ থেকে সাড়ে ৬ ফুট উঁচু মাচা তৈরি করে দেন।আগাম জাতের হওয়ায় চারা রোপণের মাত্র ৩২ দিনের মাথায় গাছে ফুল ও জালি আসতে শুরু করে। সে সময় থেকে প্রতিদিন বিকেলে তিনি নিজ হাতে লাউ ফুলের পরাগায়ণ করে দেন। এর ফলে কোনো জালি ঝরে না পড়ে প্রতিটিই পূর্ণাঙ্গ লাউয়ে পরিণত হয়েছে। স্থানীয় চাষিদের মতে, উন্নত জাতের বীজ, মালচিং পদ্ধতি এবং নিয়মিত কৃত্রিম পরাগায়ণই আমজাদ হোসেনের এই সাফল্যের মূল চাবিকাঠি।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream