শেখ হাসিনার পাসপোর্টের ছবি ভাইরাল, যাচাইয়ে মিলল ভিন্ন তথ্য
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ফিরে এসেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পাসপোর্টের ছবি ছড়িয়ে পড়েছে। ‘আলহামদুলিল্লাহ, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার পাসপোর্ট চলে আসছে। সবাই দোয়া করবেন’—এমন ক্যাপশন দিয়ে ছবিটি প্রকাশ করা হয়েছে।এ ছাড়া পাসপোর্ট হাতে শেখ হাসিনার কয়েকটি ছবিও একই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। তবে যাচাই করে দেখা গেছে, প্রচারিত ছবিগুলোর কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি। অন্যদিকে, পাসপোর্টের যে পাতার ছবি ছড়ানো হয়েছে, সেখানে উল্লেখ করা মেয়াদ ২০২০ সালেই শেষ হয়েছে।ফেসবুকে ‘খোকন ভাইরাল’ নামের একটি প্রোফাইল থেকে পাসপোর্টের ওই পাতার ছবি দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দাবি করা হয়, শেখ হাসিনার পাসপোর্ট চলে এসেছে। ভিডিওতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলা হয়, তাদের আর কোনো চিন্তা করতে হবে না।তবে প্রচারিত ছবিগুলো যাচাই করে দেখা গেছে, পাসপোর্ট ফিরে আসার দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
একই দাবিতে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলোতে বিভিন্ন পরিস্থিতিতে পাসপোর্ট হাতে শেখ হাসিনাকে দেখা যায়। কোনো ছবিতে গাড়িতে বসে তাঁর হাতে পাসপোর্ট দেখা যাচ্ছে। কোনো ছবিতে পাশে কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। আবার একটি ছবিতে শেখ রেহানাসহ নেতা-কর্মীদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শেখ হাসিনাকে।
শেখ হাসিনার পাসপোর্ট চলে আসছে দাবিতে ৪৫টির অধিক পাবলিক গ্রুপ, পেজ ও প্রোফাইল থেকে ছড়িয়েছে।
পাসপোর্ট হাতে শেখ হাসিনার ছবি ও এ-সংক্রান্ত অন্যান্য ছবি যাচাই করতে সেগুলো ‘ওয়াজ ইট এআই’, ‘হাইভ মডারেশন’ ও ‘ইমেজ হুইসপারার’ নামের তিনটি এআই শনাক্তকারী টুলের সাহায্যে পরীক্ষা করা হয়।
টুলগুলোর বিশ্লেষণে পাসপোর্ট হাতে শেখ হাসিনার যেসব ছবি নতুন পাসপোর্ট পাওয়ার প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে, সেগুলো বাস্তব ঘটনার ছবি নয়; বরং এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পাসপোর্টের যে পাতার ছবি প্রচার করা হচ্ছে, সেটিতে ইস্যুর তারিখ উল্লেখ রয়েছে ১১ অক্টোবর ২০১৫। আর মেয়াদ শেষ হওয়ার তারিখ ৭ অক্টোবর ২০২০। অর্থাৎ ছবিতে থাকা পাসপোর্টটির মেয়াদ পাঁচ বছরেরও বেশি আগে শেষ হয়েছে।
ফলে পুরোনো এই পাসপোর্টের পাতার ছবি দিয়ে শেখ হাসিনা নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন—এমন দাবি প্রতিষ্ঠিত হয় না।
যাচাইয়ে ২০২৪ সালের ২২ আগস্ট প্রকাশিত ‘শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার’ শিরোনামে একাধিক প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ করা কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ আগস্ট এ-সংক্রান্ত নীতিমালা ও নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর সম্প্রতি ছড়িয়ে পড়া পাসপোর্টের পাতার ছবিটির পুরোনো উৎস অনুসন্ধান করে ভারত থেকে পরিচালিত সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার (DNA India) একটি প্রতিবেদন পাওয়া যায়।
২০২৪ সালের ২৩ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনেও শেখ হাসিনার পাসপোর্টের একই পাতার ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন পাসপোর্ট পাওয়ার প্রমাণ হিসেবে সম্প্রতি প্রচারিত পাসপোর্টের পাতার ছবিটি নতুন নয়। অন্তত ২০২৪ সালের আগস্ট থেকেই ছবিটি অনলাইনে রয়েছে।
শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ৯ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর পক্ষে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি পাঠান। চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়।
এই ইস্যুতে পরবর্তী সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, শেখ হাসিনার পক্ষে পাঠানো ই-মেইলটি দিল্লির বাংলাদেশ হাইকমিশন পেয়েছে এবং সেটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, আবেদনটি শেখ হাসিনার কি না, তা বোঝার উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।
এদিকে ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। তিনি বলেন, আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই; দেশে ফিরতে হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরবেন।
অর্থাৎ শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন জানিয়ে ই-মেইল পাঠানোর খবর প্রকাশিত হলেও তাঁর নতুন পাসপোর্ট ইস্যু হয়েছে বা তিনি সেটি হাতে পেয়েছেন—এমন তথ্য প্রকাশিত হয়নি।
অতএব, শেখ হাসিনার পাসপোর্ট চলে এসেছে দাবিতে প্রচারিত ছবিগুলোর কয়েকটি এআই দিয়ে তৈরি। আর পাসপোর্টের যে পাতার ছবি ছড়ানো হচ্ছে, সেটির মেয়াদ ২০২০ সালেই শেষ হয়েছে। নতুন পাসপোর্টের জন্য আবেদন করার খবরকে পাসপোর্ট হাতে পাওয়ার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।