বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত

দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। তাঁদের বাড়ি সৈয়দপুর শহরে। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনের নিচে পড়ে প্রাণ হারান রুনা লায়লা। তবে তিনি ইচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে পড়েছেন নাকি অসাবধানতাবশত, সে বিষয়ে এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, সকালে রুনা লায়লাকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তাঁর অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি রেললাইনের পাশে অবস্থান করছিলেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream