বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মাদক মামলায় নতুন তারিখ পেলেন পরীমণি

মাদক মামলায় নতুন তারিখ পেলেন পরীমণি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৩ ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে।মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। এ কারণে সকাল সাড়ে ১০টার দিকে পরীমণি আদালতে হাজির হন। তবে আদালতে গিয়ে তাঁরা জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে।পরে পরীমণিকে সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।এর আগে, গত ২৯ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৭ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছিলেন। মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগপত্রে আরো বলা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমণি। তার গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়। এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির প্রক্রিয়া শুরু হয়।

‘আমার কপালেই বুঝি ঝামেলা লেখা’, বললেন পরীমণি

‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব।’ ঢালিউড অভিনেত্রী পরীমণি এভাবেই নিজের জীবনের নানা ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে আলোচনায় আসেন।এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলার পাশাপাশি নারীদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমণির একটি আপত্তিকর ভুয়া ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি। ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদও জানান। তার এই সাহসী অবস্থানের প্রশংসা করেছেন অনেকেই।পরীমণি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে জীবনে বারবার নানা ঝামেলার মুখোমুখি হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।’পরীমণির বক্তব্যে স্পষ্ট, এ ধরনের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

‘আমার কপালেই বুঝি ঝামেলা লেখা’, বললেন পরীমণি

‘এভাবে কেন?’ বাঁধনের ঘটনায় ক্ষুব্ধ পরীমণি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি তীব্র প্রতিক্রিয়া ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার ঘটনায়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনের ওপর হামলার সংবাদের ভিডিও শেয়ার করে এক স্ট্যাটাসে এই ক্ষোভ উগরে দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম‍্যাটার করে না। করেও নাই।’ পরীমণির এই বার্তা স্যোশাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।  নেটিজেন এবং তার ভক্ত-অনুরাগীরাও তার এই ক্ষুব্ধ বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে নারী শিল্পীর প্রতি এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছেন। ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানকালে সম্প্রতি একটি পার্কে পরিজনদের সামনেই একদল ব্যক্তি আজমেরী হক বাঁধনের ওপর আক্রমণ করে, তার ওপর কোল্ড ড্রিংকস ও ডিম ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।  ঘটনাটি নিয়ে দেশজুড়ে ইতোমধ্যে বিনোদন ও রাজনীতি অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় বইছে।

‘এভাবে কেন?’ বাঁধনের ঘটনায় ক্ষুব্ধ পরীমণি

‘আলহামদুলিল্লাহ’—নবজাতককে কোলে নিয়ে পরীমণির পোস্ট

ফের এক ফুটফুটে সদ্যোজাত চিত্রনায়িকা পরীমণির কোলে। তা দেখেই চক্ষু চড়কগাছ ভক্তদের। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে, ফেসবুকে একটি ছবি প্রকাশ করে একটি পোস্ট করেছেন পরীমণি। সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ ব্যস!  এদিকে এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবার মা হলেন এই অভিনেত্রী? নিজের সন্তানদের তো বটেই, এমনিতেও শিশুপ্রেমী এই চিত্রনায়িকা।  এর আগে বহুবার বলেছেন, একাধিক সন্তানের মা হতে চান; কখনো বলেছেন- ১০০ সন্তানের মা হতে চান। হয়তো এমন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন নায়িকা।  চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই সামলাতে থাকে ‘মা’ পরীমণি। তার বছর কয়েক পর নেন কন্যা সন্তানের দত্তক। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা হাতেই বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি বাকি সবটুকু সময় সন্তানদের সঙ্গেই কাটান তিনি এবং মাঝেমধ্যেই তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেন।  শেয়ার করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে পরিপাটি সাজে আছেন পরীমণি, আর তার কোলে এক শিশু। ছবিটি পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সাধারণ দর্শক থেকে শুরু করে অনুরাগীরা অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশ্ন তুলছেন শিশুটির পরিচয় নিয়ে। পরে শিশুটির পরিচয় ও ক্যাপশনের সত্যতা জানতে এই অভিনেত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রসঙ্গটি না তুলতেই কলটি কেটে দেন তিনি। ফলে রহস্যময় শিশুটিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা আরও ঘনীভূত হতে থাকল। যদিও নেটিজেনদের অনুমান ওখানেই আটকে যে- নতুন কোনো সন্তান দত্তক নিলেন পরীমণি।

‘আলহামদুলিল্লাহ’—নবজাতককে কোলে নিয়ে পরীমণির পোস্ট
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream