বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে আগামী বছরের শুরুর দিকে ঢাকায় আসবেন। কলম্বো সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন তিনি। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। এ বৈঠক কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট দিসানায়েকের হাতে তুলে দেন হুমায়ুন কবির। প্রেসিডেন্ট দিসানায়েকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ গ্রহণ করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়েও মতবিনিময় হয়। এর আগে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গত ১৫ নভেম্বর মতবিনিময় করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা হয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা হয়। বৈঠকে আলোচনার দ্রুত অগ্রগতির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগসহ চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। হুমায়ুন কবির বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই বাস্তবসম্মত ও দূরদর্শী উপায়ে জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছে। উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র খুঁজে দেখার বিষয়ে পারস্পরিক আগ্রহের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপক্ষীয় অনুষ্ঠানের ফাঁকে শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে তার পূর্ববর্তী আলোচনার কথাও স্মরণ করেন। ২০২৫ সালের নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফরেন অফিস কনসালটেশনের (পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক) সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। পরবর্তী কনসালটেশন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দেশের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

পাসপোর্ট দিয়ে নয়, আসামি হিসেবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারত থেকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের। তাকে আসামি হিসেবে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হবে। একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আইনি উদ্যোগকে তিনি হাস্যকর বলে মন্তব্য করেন।তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো নয়। তিনি ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এসব মামলায় সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। হুমায়ুন ক‌বির ব‌লেন, বাংলাদেশ-ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আমরা দাবি জানা‌বো। তাকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে। সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে তিনি বলেন, কোনো আইনজীবী বা বিদেশি ল ফার্মের পক্ষ থেকে আইনি নোটিশ কিংবা প্রতিনিধিত্ব করলেই তার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না। হুমায়ুন ক‌বির ব‌লেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠানের কাজ করার বিষয়েও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তি‌নি ব‌লেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে। যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল এবং পরে তাদের সরে যেতে হয়। যুক্তরাজ্যের ৬৫০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী দাবি করেন, অধিকাংশ সংসদ সদস্য এ বিষয়ে নৈতিক অবস্থান বজায় রেখেছেন। হুমায়ুন ক‌বির ব‌লেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তার বাংলাদেশে ফেরার একমাত্র পথ হবে ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ।

পাসপোর্ট দিয়ে নয়, আসামি হিসেবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ভারত থেকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ-চীন-মিয়ানমার নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর নিয়ে প্রতিমন্ত্রী বলেন, করিডোর নিয়ে কোনো ভূ-রাজনৈতিক শঙ্কা দেখছে না বাংলাদেশ। এটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এই আঞ্চলিক করিডোরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন। লিউ হাইশিংয়ের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে কোনও ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনও সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে এসেছে যে তাকে পাসপোর্ট দিতে হবে, আর পাসপোর্ট দিয়ে সে আসবে? আমাদের সঙ্গে ভারতের একটি এক্সট্রাডিশন ট্রিটি আছে। সন্ত্রাসী এবং ক্রিমিনালকে ধরার জন্য এই চুক্তি। একজন টেরোরিস্ট ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস। তিনি বলেন, পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না। আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে। এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই আঞ্চলিক করিডোরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, লিউ হাইশিংয়ের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়েন।

শেখ হাসিনাকে কোনও ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপান সফরে ১টি চুক্তি ও ২১ এমওইউ স্বাক্ষর: বিশ্ববাজারে নতুন বাংলাদেশের আত্মপ্রকাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং বেসরকারি পর্যায়ে দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে দুটি অনুদান চুক্তিও সই হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফল সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হয়েছে এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। এই সফরের মাধ্যমে বিশ্বমঞ্চ ও বিশ্ববাজারে এক 'নতুন বাংলাদেশ'-এর আত্মপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।প্রতিমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন থেকে যৌথভাবে কাজ করবে। এর পাশাপাশি, বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার করতে একটি টহলজাহাজ সরবরাহের জন্য ২১২ কোটি জাপানি ইয়েনের (প্রায় ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার সমপরিমাণ) একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

জাপান সফরে ১টি চুক্তি ও ২১ এমওইউ স্বাক্ষর: বিশ্ববাজারে নতুন বাংলাদেশের আত্মপ্রকাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

স্পেন ও যুক্তরাজ্যে ৫ দিনের সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর তিনি এ সফর করবেন। রবিবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জা‌নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব গভীরতর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্যে এ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুদেশ সফরকালে তিনি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যেখানে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। সফরের শুরুতে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে প্রতিমন্ত্রী ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোটির উদ্যোক্তা হলো ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশি রফতানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা। স্পেন সফর শেষে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন। যুক্তরাজ্যে তার কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্বের পরিধি বাড়ানো এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতি উন্নয়নের সুযোগ অন্বেষণ করা। এ সফরগুলো ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন।

সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

কলকাতার আগুনে নিহতদের মরদেহ ফিরতে খরচ দেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জা‌নিয়েছেন কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, নিহত‌দের মর‌দেহ দে‌শে আনার খরচ পরিবার চাইলে  সরকার বহন করবে।পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে বুধবার (১৯ আগস্ট) ক‌য়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগ‌রি‌কের মরদেহ শনাক্ত করা গে‌ছে। এদের ম‌ধ্যে ৪ জন একই প‌রিবা‌রের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলা‌দে‌শির মৃত্যুর তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নায়, এ যাবৎ এ অগ্নিকাণ্ডে মোট নয় জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। এরা হলো, সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত নিহত হয়েছেন। এছাড়া দেবাশীষের শ্বশুর আকরাম আলীও ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজার বেগুনবাড়িতে।এদিকে উপ-হাইকমিশন থেকে দুর্ঘটনার পর নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কলকাতার আগুনে নিহতদের মরদেহ ফিরতে খরচ দেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream