শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নানা পাটেকার আর নেই, ৭৫ বছরে থামল অভিনয়যাত্রা

নানা পাটেকার আর নেই, ৭৫ বছরে থামল অভিনয়যাত্রা

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকার আর নেই। ৭৫ বছর বয়সে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,ভোরে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু চিকিৎসায় সাড়া না দেওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।নানা পাটেকারের প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজস্ব একটি অবস্থান তৈরি করেন এই অভিনেতা।‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অ্যাব তক ছাপ্পান’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় বিশেষভাবে দর্শকদের মনে জায়গা করে নেয়। গম্ভীর চরিত্র থেকে শুরু করে নেতিবাচক কিংবা হাস্যরসাত্মক চরিত্র,নানা পাটেকার প্রতিটি ভূমিকাতেই নিজের স্বতন্ত্র অভিনয়ভঙ্গি তুলে ধরেছেন।বিশেষ করে তাঁর দৃঢ় কণ্ঠস্বর,সংলাপ বলার আলাদা ধরন এবং চরিত্রের আবেগকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। ‘ওয়েলকাম’ সিনেমার উদয় শেঠি চরিত্রে তাঁর অভিনয় যেমন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে,তেমনি ‘ক্রান্তিবীর’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় পেয়েছে সমালোচকদের প্রশংসা।অভিনয়ের স্বীকৃতি হিসেবে নানা পাটেকার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মাননা। চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই শিল্পী।জীবনের শেষ পর্বেও চলচ্চিত্র থেকে দূরে সরে যাননি নানা পাটেকার। ২০২৬ সালেও ‘ও রোমিও’ ও ‘সুবেদার’সহ কয়েকটি চলচ্চিত্রে তাকে দেখা গেছে।তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। সহকর্মী, চলচ্চিত্রপ্রেমী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় এই অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।নানা পাটেকারের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র হারাল এমন একজন শিল্পীকে,যার অভিনয় ছিল স্বতন্ত্র,কণ্ঠ ছিল আলাদা এবং পর্দায় উপস্থিতি ছিল অত্যন্ত শক্তিশালী। তাঁর অভিনীত চরিত্রগুলোই দীর্ঘদিন দর্শকদের স্মৃতিতে তাঁকে বাঁচিয়ে রাখবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream