মুক্তির আগেই বড় চুক্তি, আলোচনায় শাহরুখের ‘কিং’
মুক্তির আগেই বড় অঙ্কের ব্যবসা করে আলোচনায় এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। সিনেমাটির বিদেশি পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছে ফারস ফিল্মস। ভারতীয় সিনেমার বিদেশি স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটিকে নতুন রেকর্ড বলে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা।প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি বা এমজি দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের জন্য ১০০ কোটি রুপিও দেওয়া হয়নি।ফলে মুক্তির আগেই এমন বড় চুক্তি সিনেমাটি ঘিরে দর্শক ও পরিবেশকদের প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছে। এবার মুক্তির পর বক্স অফিসে শাহরুখের ‘কিং’ কতটা সাফল্য পায়, সেটিই দেখার বিষয়।
এর আগে শাহরুখ খানের সিনেমাগুলোর বিদেশি পরিবেশনার দায়িত্ব সাধারণত থাকত যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) হাতে। ‘কিং’-এর ক্ষেত্রেও শুরুতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির কথা ছিল। তবে সেই চুক্তি ছিল কমিশনভিত্তিক। অর্থাৎ, পরিবেশক হিসেবে নির্দিষ্ট ফি নেওয়ার কথা ছিল তাদের; কোনো ন্যূনতম আয়ের নিশ্চয়তা দিতে হতো না।
পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বাজারে পরিবেশনা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। কারণ, এসব অঞ্চলে সাধারণত নিজেদের কার্যালয়ের মাধ্যমে সিনেমা পরিবেশনা করে থাকে ওয়াইআরএফ।
বিদেশি বাজারের কিছু অঞ্চলে চড়া দামে স্বত্ব বিক্রির পরিকল্পনা থাকায় বিনিয়োগের অর্থ তুলে আনতে ‘কিং’-কে বড় অঙ্কের আয় করতে হবে।
পিঙ্কভিলার দাবি, শুধু বিদেশের বাজার থেকেই সিনেমাটি প্রায় ৫ কোটি ডলার, অর্থাৎ ৪৭৫ কোটি রুপি আয় করতে হতে পারে। তুলনায় শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’—দুটি সিনেমাই বিদেশে প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছিল।
এদিকে হলিউডের দুটি বড় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’র সঙ্গে প্রতিযোগিতায় পড়তে পারে ‘কিং’। ফলে মুক্তির পর আন্তর্জাতিক বাজারে সিনেমাটির ব্যবসা কেমন হয়, সেদিকে নজর থাকবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়েল। ‘পাঠান’-এর পর এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ। আগামী ২৪ ডিসেম্বর ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটভি