কারিনার পর ‘ফি আমানিল্লাহ’ লেখা হার পরে নতুন বিতর্কে দীপিকা পাডুকোন
বলিউডে ধর্মীয় বাণী লেখা গয়না ফ্যাশন হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের গয়না নিয়ে বিতর্কের মধ্যেই এবার আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তার পরা একটি হার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবার ছড়িয়ে পড়েছে। হারটিতে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’।দীপিকার পুরোনো ছবিটি সামনে আসার পর ধর্মীয় বাণী লেখা গয়না ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহার করা কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ২০২২ সালে ছবিটি প্রকাশের সময় এ নিয়ে তেমন কোনো বিতর্ক দেখা যায়নি।সেবার কান চলচ্চিত্র উৎসবের বিচারক প্যানেলে ছিলেন দীপিকা। উৎসবে ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক ও গয়না পরেছিলেন তিনি। এর মধ্যে বিশেষ নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি হার।মূল্যবান রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটিতে খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি। এর অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ হিসেবে হারটি তৈরি করা হয়েছিল। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে তৈরি হয়েছিল এই গয়না।সম্প্রতি কারিনা কাপুরের একটি লকেটে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরই দীপিকার ২০২২ সালের কান উৎসবের সেই পুরোনো ছবিটি নতুন করে আলোচনায় আসে।
কারিনার লকেট নিয়ে আপত্তি কেন?২০২৬ সালের দীপাবলি উদ্যাপনের সময় ৩০ ক্যারেটের পান্না বসানো একটি লকেট পরেছিলেন কারিনা কাপুর খান। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। ডিজাইনার পুনীত বালানার তৈরি গয়নাটি বেইজ রঙের পাগড়ির সঙ্গে পরেছিলেন অভিনেত্রী। তার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, লকেটটি ভোপালের সাবেক রাজপরিবারের সংগ্রহের অংশ।
তবে গয়নাটিতে কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানান কয়েকজন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলা হয়।
নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের ব্যবহারে যথাযথ সম্মান বজায় রাখার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ভোপালের কয়েকটি সংগঠন কারিনার পাশে দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ তার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে। তবে বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত কারিনা বা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কারিনার গয়না নিয়ে আপত্তির পর দীপিকার পুরোনো ছবিটি সামনে আসায় ধর্মীয় প্রতীক ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত ফ্যাশন, ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতির মধ্যকার সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।