মজুরি বাড়লেও চীন, ভারত ও ভিয়েতনামের তুলনায় পিছিয়ে বাংলাদেশ
বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে শ্রমিকদের বেতন বাড়লেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মজুরি এখনো কম।চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো বড় পোশাক উৎপাদনকারী দেশগুলোতে শ্রমিকদের ন্যূনতম বেতন বাংলাদেশের চেয়ে বেশি। পাকিস্তানেও বাংলাদেশের তুলনায় কিছুটা বেশি মজুরি দেওয়া হয়। তবে শ্রীলঙ্কায় শ্রমিকদের বেতন বাংলাদেশের চেয়ে কম।তথ্য অনুযায়ী, চীনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩৩৭ ডলার। ইন্দোনেশিয়ায় ২২২ ডলার, ভারতে ১৯২ ডলার, ভিয়েতনামে ১৭৫ ডলার এবং পাকিস্তানে ১৪৫ ডলার। অন্যদিকে শ্রীলঙ্কায় এই বেতন ৯০ ডলার। আর নতুন মজুরি কাঠামো অনুযায়ী বাংলাদেশে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন প্রায় ১৩৭ ডলার। ফলে বেতন বাড়ানোর পরও প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ: ১৭ হাজার টাকা নির্ধারণ
বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। গত ২৫ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এ সিদ্ধান্ত হয়। এর আগে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোয় মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা প্রায় ৩৬ শতাংশ। নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
চীন: মাসে ৩৩৭ ডলার
বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক দেশ চীনে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ৩৩৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ হাজার ৭৮৮ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ২০০ ডলার বেশি পান। তবে চীনে সারা দেশের জন্য একক ন্যূনতম মজুরি নেই। প্রদেশ ও শহরভেদে মজুরি নির্ধারিত হয়।
ভারত: মাসে ১৯২ ডলার
বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিযোগী ভারতে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৯২ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৮০৮ টাকা। অর্থাৎ বাংলাদেশের নতুন মজুরির তুলনায় ভারতীয় শ্রমিকেরা মাসে প্রায় ৫৫ ডলার বেশি পান। তবে ভারতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য, কাজের ধরন ও শ্রমিকের দক্ষতা বিবেচনায় নেওয়া হয়।
পাকিস্তান: মাসে ১৪৫ ডলার
পাকিস্তানে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৪৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৯৮০ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৮ ডলার বেশি পান। তবে দেশটির সব অঞ্চলের শ্রমিক একই হারে বেতন পান না।
শ্রীলঙ্কা: মাসে ৯০ ডলার
আলোচনায় থাকা দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সবচেয়ে কম। দেশটিতে মাসিক মজুরি প্রায় ৯০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ১৬০ টাকা। অর্থাৎ বাংলাদেশের নতুন মজুরির তুলনায় শ্রীলঙ্কার শ্রমিকেরা মাসে প্রায় ৪৭ ডলার কম পান।
ভিয়েতনাম: মাসে ১৭৫ ডলার
বাংলাদেশের অন্যতম বড় প্রতিযোগী ভিয়েতনামে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৭৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭০০ টাকা। বাংলাদেশের তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৩৮ ডলার বেশি পান।
ভিয়েতনামে অঞ্চলভেদে চার স্তরে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর সরকারি কাঠামো অনুযায়ী, অঞ্চলভেদে মাসিক ন্যূনতম মজুরি ১৪০ থেকে প্রায় ২০২ ডলার।
ইন্দোনেশিয়া: মাসে ২২২ ডলার
ইন্দোনেশিয়ায় পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ২২২ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৫২৮ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৮৫ ডলার বেশি পান।