২৫ বছরের নির্মাণযাত্রায় চয়নিকার চার বিশেষ নাটক
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর চয়নিকা চৌধুরী প্রথম নাটকের শুটিং করেন। নাম ছিল ‘শেষ বেলায়’। এরপর একে একে চার শতাধিক নাটক বানিয়েছেন। ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ নামের দুটি সিনেমা পরিচালনা করেছেন। এ বছর নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হচ্ছে চয়নিকার। এ উপলক্ষে চারটি নাটক বানিয়েছেন তিনি। ১৮ সেপ্টেম্বর নাটকগুলো প্রচারিত হবে চারটি ভিন্ন টিভি চ্যানেলে, পরদিন প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেলে।
চ্যানেল আইয়ে প্রচারিত হবে ইফফাত আরেফিন তন্বির লেখা ‘সময় একটু থামো’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রোজী সিদ্দিকী, ফারজানা ছবি প্রমুখ। টিভিতে প্রচারের পর নাটকটি দেখা যাবে গানচিল ইউটিউব চ্যানেলে।
এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক ‘বিষণ্ন মেঘ’। চয়নিকা চৌধুরীর দেখা সত্য ঘটনা অবলম্বনে নাটকটি লিখেছেন ইফফাত আরেফিন তন্বি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, সাদিয়া আয়মান, ডলি জহুর প্রমুখ। এটিএনে প্রচারের পর প্রকাশ পাবে লেজার ভিশন ইউটিউব চ্যানেলে।
বৈশাখী টিভিতে দেখা যাবে নাটক ‘জোছনায় ফেরা’। এটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, আইশা খান, দীপা খন্দকার প্রমুখ। এটি দেখা যাবে লেজার ভিশন ইউটিউব চ্যানেলে।
আহমেদ তৌকীরের লেখা ‘প্রথম দেখার পর’ দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আবুল হায়াত ও ডলি জহুর। টিভিতে প্রচারের পর প্রকাশ পাবে জি সিরিজ ইউটিউব চ্যানেলে।
ক্যারিয়ারের ২৫ বছর পূর্তির এই আয়োজন নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘সময় আসলে কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে, এই তো সেদিন ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর নির্মাতা হিসেবে প্রথম শুটিং করেছিলাম। অনেক ভয়ে ছিলাম। সেদিনের কথা মনে পড়লে আজও ভয় করে। দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল। নির্মাণ আমার কাছে প্রার্থনার মতো। রজতজয়ন্তী উপলক্ষে অনেকে বড় ধরনের আয়োজন করে। আমার মনে হয়েছে এখনো সেই সময় হয়নি। মনে হলো নাটক বানাব। যে দর্শকের ভালোবাসায় নাটক বানিয়ে যাচ্ছি, তাদের জন্যই এই চারটি নাটক।’