শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সখিপুরে বহেড়াতৈল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মনিরের মতবিনিময় সভা

সখিপুরে বহেড়াতৈল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মনিরের মতবিনিময় সভা

জাহিদুল ইসলাম,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান মনিরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটেশ্বরীবাসীর উদ্যোগে ঘাটেশ্বরী মিলপাড় মসজিদ মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নারী ভোটাররা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের দৃষ্টি আকর্ষণ করে ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান মনিরের প্রতি সমর্থন কামনা করেন। বক্তারা বলেন, অতীতে আমরা অনেক নেতাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছি। এবার আমরা আমাদের ভাই, বন্ধু ও সন্তান মনিরুজ্জামান মনিরকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। সভায় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান মনির বহেড়াতৈল ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নির্মূল, সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ, আধুনিক লাইব্রেরি স্থাপন, মৎস্য অভয়ারণ্য গড়ে তোলা, দরিদ্র-অসহায় মানুষ ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়নে কাজ করা হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা, মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বহেড়াতৈল ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান মনির বর্তমানে সখীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream