শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক, সরাসরি দেখাবে বিটিভি

গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক, সরাসরি দেখাবে বিটিভি

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তি–তর্ক উপস্থাপন করেন। পরে বুধবার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ যুক্তি–তর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এরপর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস, মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী ও সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি তুলে ধরেন। এদিন যুক্তি–তর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন। হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, মানুষকে হত্যা করার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সে জন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় মানুষকে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতো। সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অপরাধের ঘটনা তুলে ধরেন তিনি। একপর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, তিনি তার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছেন। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখেননি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। কতটা নৃশংস ছিল এসব। চিফ প্রসিকিউটর বলেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে পাওয়া তথ্য অনুযায়ী জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। সাক্ষীদের বর্ণনামতে মনে হয়েছে ১৫০ থেকে ২০০ লোককে বিভিন্ন সময়ে নির্বিচারে হত্যা করেছেন তিনি। তবে তারা ১১৫ জনের মতো শনাক্ত করতে পেরেছেন। এত অপকর্মের পরও বারবার পদোন্নতি পেয়েছেন জিয়াউল আহসান। মাতৃবাহিনীতে না গিয়ে স্বৈরাচারী কায়দায় তৎকালীন র‍্যাবে দীর্ঘদিন কাটিয়েছেন তিনি। সেনাপ্রধান নিজেও বলেছেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন তিনি। এ ছাড়া তিনি ডিপ টেস্টের অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এ দিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জিয়াউল হাসান তার সহযোগী কমান্ডার সোহায়েল এবং আজ্ঞাবহ কিছু সাংবাদিককে নিয়ে বিভিন্ন অপারেশনে যেতেন। পরে সেই সাংবাদিকেরা এসে তাদের ভাষ্যমতে সংবাদ প্রচার করতেন। প্রকৃত সংবাদ তারা গোপন করতেন। জিয়াউল আহসান ছিলেন একজন কুখ্যাত সামরিক কর্মকর্তা। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আজকে যার বিচার হচ্ছে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা প্রধান ও তাঁর সহযোগী সেনা কর্মকর্তারাও। যুক্তি উপস্থাপন করতে গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের যে অবস্থান–সেখানে প্রকারান্তরে পাবলিকলি মিডিয়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি মানুষের যে প্রচণ্ড আস্থা এবং সম্মান সেটা কিন্তু দু-একজন ব্যক্তির কারণে হানি ঘটেছে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ধরনের অপরাধের বিচার। এমন দৃশ্যমান বিচার, যাতে ভবিষ্যতে কেউ তার পদ পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত হতে না পারেন।

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৫ সালে গুমের শিকার হওয়ার পর দীর্ঘ ৬১ দিনের বন্দিদশা এবং পরবর্তী সময়ে ভারতের মেঘালয়ে ৯ বছরের নির্বাসিত জীবনের অবর্ণনীয় ও লোমহর্ষক অভিজ্ঞতার স্মৃতিচারণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের জীবনের এই চরম সংকটের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা তাদের সন্ধান পেতে চাই আইন, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানবাধিকার’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। বক্তব্যের একপর্যায়ে ভারতের মানসিক হাসপাতালে কাটানো দুঃসহ দিনগুলোর কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি বিদেশের মাটিতে পাগল অবস্থায় মারা যাব, আমার পরিবার হয়তো আমার কবরও দেখতে পারবে না এমন ভয়ও পেয়েছিলাম।’ বাংলাদেশে গুম থাকার দিনগুলোর বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উত্তরার একটি বাসা থেকে অপহৃত হওয়ার পর তাকে আট বাই চার ফুটের একটি অন্ধকার ও সংকীর্ণ কক্ষে টানা ৬১ দিন আটকে রাখা হয়েছিল। ওই ঘরে কেবল একটি পানির কল এবং শৌচকার্যের জন্য একটি নর্দমার সঙ্গে যুক্ত সরু ছিদ্র ছিল, যা থেকে অনবরত দুর্গন্ধ আসত। মেঝেতে বিছানো একটি কম্বল ও বালিশই ছিল তার শোবার একমাত্র সম্বল। তীব্র গরমের মধ্যে দরজার ওপরের সামান্য ফাঁকা অংশ দিয়ে আসা বাতাসই ছিল তার বেঁচে থাকার ভরসা, কারণ দরজার বাইরে একটি বৈদ্যুতিক পাখা সার্বক্ষণিক সচল রাখা হতো। হৃদরোগে আক্রান্ত হলেও বন্দিদশায় তিনি কোনো চিকিৎসা পাননি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে অপহরণকারীরা তার চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য অন্য জায়গায় নিয়ে যায়। ভারতে নিয়ে যাওয়ার সময়কার বিবরণ দিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, চোখ বাঁধা অবস্থায় প্রথমে একটি মাইক্রোবাসে এবং পরে গভীর রাতে একটি জিপ গাড়িতে করে তাকে অচেনা কোনো স্থানে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ যাত্রার পর এক স্থানে হাত-চোখ বাঁধা অবস্থাতেই তাকে চামচ দিয়ে নুডলস খাওয়ানো হয়। বন্দি অবস্থায় বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত যুদ্ধাপরাধী কামরুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার খবরও তিনি জানতেন না, যা শুনে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাও অবাক হয়েছিলেন। অবশেষে ভোরবেলা একটি নির্জন পাহাড়ি এলাকায় তাকে নামিয়ে দিয়ে অপহরণকারীরা নিজেদের মুখ ঢেকে দ্রুত স্থান ত্যাগ করে। অপহরণকারীরা চলে যাওয়ার পর বিলবোর্ড দেখে তিনি বুঝতে পারেন স্থানটি ভারতের মেঘালয় রাজ্যের শিলং। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বেসামরিক হাসপাতাল এবং পরে মানসিক ভারসাম্যহীন সন্দেহে একটি মানসিক হাসপাতালে পাঠায়। সেখানে মানসিক রোগীদের সঙ্গে রেখে তাকে জোরপূর্বক মানসিক রোগের ওষুধ খাওয়ানো হতো এবং তার চোখের চশমাও কেড়ে নেওয়া হয়েছিল। দাড়ি-চুল কেটে দেওয়ায় নিজের পরিচয় হারানোর শঙ্কায় মুষড়ে পড়েছিলেন তিনি। চরম হতাশার একপর্যায়ে একদিন হাসপাতাল থেকে তার স্ত্রীর ফোন আসে। ফোনে স্ত্রীর কান্নার আওয়াজ শুনে তিনি নিশ্চিত হন যে তার পরিবার তার বেঁচে থাকার খবর পেয়েছে। পরবর্তী সময়ে সিভিল হাসপাতালে স্থানান্তরের সময় সাংবাদিকদের টেলিভিশন ক্যামেরার সামনে তিনি চিৎকার করে নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, ‘ইয়েস, আই অ্যাম সালাহউদ্দিন’। এরপর ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করে সে দেশের পুলিশ। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালত এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল আদালত তাকে খালাস দেন। ভারতে অবস্থানকালেই বিএনপির ষষ্ঠ কাউন্সিলে তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (স্থায়ী কমিটি) সদস্য করা হয়। অবশেষে ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর দীর্ঘ ৯ বছরের নির্বাসন ঘুচিয়ে তিনি দেশে ফিরতে সক্ষম হন। নিজের বক্তৃতায় জুলাই গণ-অভ্যুত্থানের বীরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান হওয়ায় ভারত থেকে আমি দেশে ফিরতে পেরেছি। যারা জুলাই যুদ্ধ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’ সাবেক এই আমলা ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালের একতরফা নির্বাচন বর্জনের পর বিএনপির মুখপাত্র হিসেবে দলের আন্দোলন পরিচালনা করার সময় ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, যা নিয়ে তৎকালীন বিরোধী দল বিএনপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream