মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর মোটরসাইকেল
সরকার গঠিত মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর নাওজোড় এলাকায় শ্রমিকেরা পুলিশের ওপর হামলা চালান এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এ ছাড়া শ্রমিক আন্দোলনের কারণে আজ জেলার অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩২টি কারখানাও এখনো চালু হয়নি।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকেরা নাওজোড়, ভোগড়া ও সালনা এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ বল প্রয়োগ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।পুলিশ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রে'নেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা ছয়দানা কলম্বিয়া এলাকায় অবস্থান নিলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেলা ১১টার দিকে কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। তাঁরা নাওজোড় উড়ালসড়কের নিচে এবং পূর্ব পাশে মহাসড়কে আবর্জনা ফেলে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে মহানগর ও শিল্প পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। এ সময় শ্রমিকেরা শিল্প পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করে রাখেন এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।
নাওজোড় এলাকায় কথা হয় ব্যবসায়ী আকবর আলীর সঙ্গে। তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে বহিরাগত লোকজন যোগ দিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন এবং শিল্প পুলিশের একজন সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।
এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুরসহ বিভিন্ন এলাকার কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রীপুরে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে বেলা পৌনে ১২টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়নপুর এলাকায় ডিবিএল সিরামিক কারখানার সামনে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। এর আগে তাঁদের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন।
অবরোধে অংশ নেওয়া শ্রমিক নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের কারখানা ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে সবাই মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় লাঠিসোঁটা নিয়ে কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করি।’
শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে জানিয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির প্রথম আলোকে বলেন, নয়নপুর এলাকায় সড়ক অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এদিকে শ্রমিক পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে নয়নপুর এলাকায় মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা মহাসড়কের নয়নপুর এলাকায় প্রায় আধা কিলোমিটার পথ মিছিল করেন।