ছয় মাসেই বিএনপির আমলে আ.লীগের দৃশ্য: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি সরকার চাঁদাবাজদের কর্মসংস্থান দিয়েছে বলে মন্তব্য করেছেন। খাগড়াছড়ি সদরের অরুণিমা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বিএনপি আওয়ামী লীগের কাছে যে পদ্ধতিতে নিপীড়িত ও জুলুমের শিকার হয়েছিল, বর্তমানে তারাই সেই পদ্ধতি অবলম্বন করছে। আওয়ামী লীগ সরকারের সময় যে দৃশ্যগুলো ধীরে ধীরে দেখা যাচ্ছিল, বিএনপি সরকারের ক্ষেত্রে তা মাত্র ছয় মাসের মধ্যেই দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার ক্ষমতায় আসার পরপরই। জ্বালানি তেলের সঙ্গে প্রত্যেকটি খাত ওতপ্রোতভাবে জড়িত। ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ টাকা দিয়েও সার পাচ্ছে না, বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না। শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
বিএনপির দলীয়করণের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিভিন্ন সেক্টরে দলীয় লোক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাখা হয়েছে।
সভায় খাগড়াছড়ি এনসিপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।
সভায় এনসিপির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।