এক শার্ট আর ওয়ালেটের গল্পে চোখ ভিজল বলিউড ভাইজানের
বলিউডে বন্ধুত্বের এক অনন্য গল্পের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন অভিনেতা সালমান খান। হাজারো দর্শকের সামনে সেই ঘটনা বলতে গিয়ে একপর্যায়ে থেমে যান তিনি। চোখে জমে ওঠে পানি।ঘটনাটি সালমানের ক্যারিয়ারের শুরুর দিকের। একদিন একটি দোকানে গিয়ে পছন্দের স্টোন-ওয়াশড জিনস ও শার্ট দেখছিলেন তিনি। জিনসটি কেনার মতো টাকা থাকলেও শার্টটি কেনার সামর্থ্য ছিল না। তাই শার্টটি না কিনেই শুধু জিনস নিয়ে দোকান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।সালমানের বিষয়টি নজরে পড়ে অভিনেতা সুনীল শেঠির। বন্ধুর মনের ইচ্ছা বুঝতে পেরে তিনি নিজেই শার্টটি কিনে সালমানকে উপহার দেন।দোকানে একটি ওয়ালেটও পছন্দ হয়েছিল সালমানের। কিন্তু অর্থের অভাবে সেটিও কেনা হয়নি। বিষয়টি বুঝতে পেরে সুনীল শেঠি পরে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে সালমানের পছন্দের মতো একটি ওয়ালেট উপহার দেন।বহু বছর আগের সেই স্মৃতি আজও মনে রেখেছেন সালমান। ২০২২ সালে আবুধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালনকালে ঘটনাটি সবার সামনে তুলে ধরেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ সামলাতে পারেননি এই অভিনেতা।এ সময় দর্শকসারিতে উপস্থিত ছিলেন সুনীল শেঠির ছেলে আহান শেঠি। বাবার বন্ধুর আবেগঘন কথা শুনে তিনি মঞ্চে উঠে সালমানকে জড়িয়ে ধরেন। বন্ধুত্ব ও ভালোবাসার সেই মুহূর্ত উপস্থিত দর্শকদেরও আবেগাপ্লুত করে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যমে আলোচনায় আসে।
কেন টাকা ছিল না সালমানের?
সালমানের পরিবার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। তার বাবা সেলিম খান ছিলেন প্রতিষ্ঠিত চিত্রনাট্যকার। ফলে ঘটনাটিকে পারিবারিক দারিদ্র্যের গল্প হিসেবে দেখার সুযোগ নেই। বরং তখনো নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠা না পাওয়া সালমানের ব্যক্তিগত আর্থিক অবস্থার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ।
সালমানের বড় সাফল্য আসে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির মাধ্যমে। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যাপক সফল হয়। কিন্তু সেই সাফল্যের পরও তাঁর ক্যারিয়ারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
আইফা অনুষ্ঠানে সালমান জানান, ছবিটি মুক্তির পর এর নায়িকা ভাগ্যশ্রী বিয়ের সিদ্ধান্ত নেন এবং অভিনয় থেকে দূরে সরে যান। সালমানের ভাষ্য অনুযায়ী, ছবিটির সাফল্যের কৃতিত্বের বড় অংশ ভাগ্যশ্রী পেয়েছিলেন। এর ফলে পরবর্তী ছয় মাস কোনো ছবিতে কাজ পাননি তিনি।
ছেলের ক্যারিয়ার নিয়ে তখন চিন্তিত ছিলেন বাবা সেলিম খানও। সালমানের স্মৃতিচারণ অনুযায়ী, তিনি প্রযোজক জি পি সিপ্পিকে দুই হাজার রুপি দিয়ে একটি ট্রেড ম্যাগাজিনে সালমানকে নিয়ে নতুন ছবির ঘোষণা প্রকাশ করতে রাজি করান। যদিও বাস্তবে তখন ছবিটির কোনো কাজ শুরু হয়নি।
সেই ঘোষণাই পরে সালমানের ক্যারিয়ারে নতুন সম্ভাবনা তৈরি করে। খবরটি দেখে প্রযোজক রমেশ তুরানি জি পি সিপ্পির সঙ্গে যোগাযোগ করেন। এরপর ছবিটির সংগীতের স্বত্ব কেনার জন্য পাঁচ লাখ রুপি দেন তিনি। এভাবেই সালমানের ক্যারিয়ারে নতুন একটি সুযোগ তৈরি হয়।