কার্ড গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ে কাউন্সেলিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক
নির্বাচিত ক্রেডিট কার্ড ও প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ড গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ে কাউন্সেলিং সেবা দিতে ‘অ্যালাইট ইন জেন লিমিটেড’-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির ফলে যোগ্য গ্রাহকেরা ১০ হাজার টাকা প্যাকেজ মূল্যে তিনটি কাউন্সেলিং সেশন নিতে পারবেন।
এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের স্বাস্থ্য ও জীবনযাপন-সংশ্লিষ্ট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। এর লক্ষ্য গ্রাহকদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়া।
এ উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, এই অংশীদারত্ব প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে গ্রাহকদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। অ্যালাইট ইন জেনের মতো বিশেষায়িত সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার মূল উদ্দেশ্য হলো, আমাদের কার্ডধারীদের এমন কিছু সেবার সহজ সুযোগ করে দেওয়া, যা তাঁদের ব্যক্তিগত স্বাস্থ্য ও সামগ্রিক মানসিক সুস্থতায় অর্থপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিংয়ের হেড অব অ্যালায়েন্স মো. আশরাফুল আলম, প্রিমিয়াম ব্যাংকিং বিভাগের সিনিয়র ম্যানেজার এহসান বিন সামাদ এবং ই-কমার্স বিভাগের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।
অন্যদিকে অ্যালাইট ইন জেন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহিরা হাবিব এবং গ্রোথ অ্যান্ড সাইকোলজি ট্রেইনি নাজিহা তাবাসসুম শপ্তর্ষি।
গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নিয়মিত নতুন নতুন সুবিধা চালু করছে ব্র্যাক ব্যাংক। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক সেবা আরও শক্তিশালী করতে চায় ব্যাংকটি।