এআই ক্যামেরায় ধরা পড়বে মহাসড়কের চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের সব মহাসড়কে থ্রি-হুইলার চলাচল কঠোরভাবে বন্ধ রাখা এবং সড়ক শৃঙ্খলা ফেরাতে এআই (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই সিএনজি, অটোরিকশাসহ কোনো ধরনের থ্রি-হুইলার যানবাহন উঠতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। নির্ধারিত গতিসীমা লঙ্ঘন, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ নানা ট্রাফিক অপরাধ স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করবে এই প্রযুক্তি।অপরাধ সনাক্ত হওয়ার পর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে জরিমানার নোটিশ চলে যাবে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে ঘরে বসেই সেই জরিমানা দেওয়া যাবে। মহাসড়কে মালিক বা শ্রমিকপক্ষের সব ধরনের তোলাবাজি ও চাঁদাবাজির ঘটনা এআই ক্যামেরায় রেকর্ড থাকবে, যা চাঁদাবাজি কমাতে ভূমিকা রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস এবং স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান উপস্থিত ছিলেন।