মানহানির অভিযোগে বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।পোস্টে দাবি করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন মহল রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসিফ মাহমুদও গত দুই বছর ধরে নানা ধরনের অভিযোগের মুখোমুখি হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে পোস্টে উল্লেখ করা হয়।এতে আরও বলা হয়, সম্প্রতি এক জনসমাবেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্যপদ পাইয়ে দেওয়ার জন্য আসিফ মাহমুদ তিন কোটি টাকা দাবি করেছিলেন।আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, ওই বক্তব্য প্রকাশের পর তার পক্ষ থেকে কয়েক দফা বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ বা অর্থ দাবি করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়। তিনি তথ্য দেওয়ার আশ্বাস দিলেও পরে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।পোস্টে আরও দাবি করা হয়, পরবর্তী সময়ে বীথিকা বিনতে হোসাইন জানান, ‘আমাকে তো এমনটাই বলা হয়েছে।’ এরপরও তিনি অভিযোগের পক্ষে কোনো তথ্য দেননি এবং যোগাযোগও বন্ধ করে দেন। আসিফ মাহমুদের দাবি, এতে প্রতীয়মান হয় যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এ বক্তব্য দেওয়া হয়েছে।এ অবস্থায় তার পক্ষ থেকে বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের সমর্থনে প্রমাণ উপস্থাপন অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলা বা অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।ফেসবুক পোস্টে আরও বলা হয়, এসব অপপ্রচার কেবল ব্যক্তিগতভাবে আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ ও চরিত্রহননের প্রতিটি ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।