শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে লানা নুসায়বেহকে নিয়ে ভাবছে যুক্তরাজ্য

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে লানা নুসায়বেহকে নিয়ে ভাবছে যুক্তরাজ্য

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসায়বেহকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।তবে সুদানের গৃহযুদ্ধে আরব আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই নুসায়বেহর প্রার্থিতার বিষয়টি সামনে এসেছে। সুদানের আধা সামরিক বাহিনী ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-কে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে ইউএইর বিরুদ্ধে। যদিও দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে।জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, আরএসএফের নির্বিচার হত্যাকাণ্ডে গণহত্যার স্পষ্ট লক্ষণ রয়েছে।এদিকে, ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেও নুসায়বেহর প্রার্থিতা নিয়ে সমালোচনা হচ্ছে।মিডল ইস্ট আইকে যুক্তরাজ্য সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য নুসায়বেহকে সমর্থন দেওয়ার বিষয়ে এগোচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেশটি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেন, ‘যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার হলো এমন এক প্রার্থী খুঁজে বের করা, যিনি আমাদের বৈশ্বিক সংকটগুলো মোকাবিলায় জাতিসংঘকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত।’ ওই মুখপাত্র বলেন, ‘জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিতে আমরা প্রার্থীদের যোগ্যতার ওপর নজর দিচ্ছি। আমরা কোনো নির্দিষ্ট প্রার্থীর বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করব না।’ ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবকে ঘিরে সৃষ্ট বড় বিতর্কের পর যুক্তরাজ্যের নুসায়বেহকে সমর্থন জানানোকে আবুধাবির সঙ্গে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সম্পর্ক সুসংহত করার একটি চেষ্টা হিসেবে দেখা হতে পারে। ম্যানচেস্টার সিটি ক্লাবের মালিক আরব আমিরাতের রাজপরিবারের সদস্য ও ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল–নাহিয়ান। বিগত মাসে এক তদন্তে উঠে এসেছে, ক্লাবটি ৮ কোটি ৩০ লাখ পাউন্ডের (১১ কোটি ডলার) বেশি অবৈধ অর্থায়নের তথ্য গোপন করে প্রিমিয়ার লিগের ১১৪টি আর্থিক নিয়ম ভঙ্গ করেছে। ম্যানচেস্টার সিটি এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিবেদন অনুযায়ী, ‘প্রিমিয়ার লিগের এসব পদক্ষেপের’ কারণে আরব আমিরাতের কর্মকর্তারা যুক্তরাজ্যে বিনিয়োগ বাতিল করার হুমকি দিয়েছেন। একাধিক সূত্রমতে, আমিরাতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে যুক্তরাজ্য যদি জাতিসংঘের মহাসচিব হিসেবে নুসায়বেহকে সমর্থন করে, তবে তা মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে কিছু ভালো সম্পর্ক বা ইতিবাচক মনোভাব তৈরিতে সাহায্য করতে পারে। কে এই নুসায়বেহ নির্বাচিত হলে ৪৮ বছর বয়সী নুসায়বেহ হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব এবং মিসরের বুট্রোস বুট্রোস–ঘালির পর দ্বিতীয় আরব মহাসচিব। গত সপ্তাহে মহাসচিবের দৌড়ে নুসায়বেহর যোগ দেওয়ার আগে ছয়টি অনানুষ্ঠানিক ভোটাভুটি হয়েছে। এসব ভোটাভুটির কোনোটিতেই জাতিসংঘের ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ফ্রান্স) যৌথভাবে কোনো প্রার্থীর বিষয়ে একমত হতে পারেনি। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ডিসেম্বরে শেষ হবে। নিরাপত্তা পরিষদকে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের অনুমোদনের জন্য একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে হবে। তবে তার আগেই পরিষদ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিতর্কিত রেকর্ড ১৯৭৮ সালে জন্মগ্রহণকারী নুসায়বেহ ইউনেসকোর পরামর্শক ও গলফ রিসার্চ সেন্টারের গবেষক হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি পরিকল্পনা বিভাগের প্রতিষ্ঠাকালীন পরিচালক হন। ২০১৩ সালে নুসায়বেহ জাতিসংঘে আমিরাতের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হন এবং ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি সাধারণ পরিষদের সহসভাপতি, ‘ইউএন উইমেন’ নির্বাহী বোর্ডের সভাপতি ও দুবার নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। নুসায়বেহ বংশসূত্রে ফিলিস্তিনি ও তাঁর পরিবার জেরুজালেমের বাসিন্দা। তাঁর দাদা আনোয়ার নুসায়বেহ ছিলেন প্রখ্যাত ফিলিস্তিনি রাজনীতিবিদ। জর্ডান সরকার যখন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ন্ত্রণ করত, তখন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এবং যুক্তরাজ্যে জর্ডানের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন। নুসায়বেহ পড়তেন যুক্তরাজ্যের সোয়াস (এসওএএস) বিশ্ববিদ্যালয়ে। ওই সময় ইসরায়েল–বিষয়ক ইমেরিটাস অধ্যাপক কলিন শিন্ডলার তাঁর শিক্ষক ছিলেন। শিন্ডলার বলছেন, ২০২০ সালে ‘জুয়িশ ক্রনিকল’-এর একটি কলামে লিখেছিলেন, নুসায়বেহ ইসরায়েলি গবেষণায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন। শিন্ডলার উল্লেখ করেন, নুসায়বেহ ‘জায়নবাদ এবং ইসরায়েলের ইতিহাসের ওপর চমৎকার ও সূক্ষ্ম কিছু প্রবন্ধ’ লিখেছিলেন এবং ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে তাঁকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক’ হিসেবে বর্ণনা করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ইসরায়েল যখন অবরুদ্ধ পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার কথা বিবেচনা করছিল, নুসায়বেহ তখন বলেছিলেন, আরব আমিরাত সব সময় এসব চুক্তিকে ফিলিস্তিনিদের সমর্থনের একটি মাধ্যম হিসেবে দেখেছে। তিনি ইসরায়েল সরকারকে তাদের পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানান। গত সপ্তাহে তাঁর প্রচার শুরুর বিজ্ঞপ্তিতে নুসায়বেহ বলেন, ‘আমি মহাসচিব পদে প্রার্থী হয়েছি। কারণ, আমি বিশ্বাস করি, এখন জরুরি ভিত্তিতে কাজ করার সময়। আরও আগে পদক্ষেপ নেওয়া, মতপার্থক্য সত্ত্বেও মানুষকে এক ছাতার নিচে আনা এবং ফলপ্রসূ ফলাফল না আসা পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। সুদানে নৃশংসতা যুক্তরাজ্য ঘোষণা করেছে, তারা সুদানের ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ) এবং ‘সুদানিজ আর্মড ফোর্সেস’ (এসএএফ)-এর ১৫ জন জ্যেষ্ঠ কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। তাদের বিরুদ্ধে ‘যৌন সহিংসতাসহ অন্যান্য নৃশংসতার সঙ্গে জড়িত’ থাকার অভিযোগ রয়েছে। সুদানের আল ফাশারে আরএসএফ বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের এক বছর পর এই পদক্ষেপ এল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ‘আল ফাশারে ঘটে যাওয়া নৃশংসতার এক বছর পর, যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত তদন্তে দেখা গেছে, এখনো সুদানের মানুষের বিরুদ্ধে ধর্ষণ ও অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’ মিলিব্যান্ড বলেন, ‘এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ, অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। যুদ্ধরত পক্ষগুলোকে প্রকাশ্যে সমর্থন দেওয়া দেশকে সহায়তা অবশ্যই বন্ধ করতে হবে।’ জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো একাধিক নির্ভরযোগ্য প্রতিবেদনে উল্লেখ করেছে, আরএসএফ দারফুরে অ-আরব জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনসহ নানা অপরাধ ঘটিয়েছে। বিভিন্ন তথ্যপ্রমাণে দেখা গেছে, আরব আমিরাত আরএসএফকে অস্ত্র ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছে। অবশ্য আমিরাত সরকার ও নুসায়বেহ বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন।

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাক ড্রাইভারসহ দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। সাক্ষাৎকালে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের এই ঐতিহাসিক কূটনৈতিক ভিত্তি যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে সুসংহত হয়েছিল, তা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বৈঠকে সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের ধারাবাহিক আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার আরও প্রসারিত করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ড্রাইভার ও ট্রাক ড্রাইভারের পেশায় কাজের সুযোগ সৃষ্টি এবং অধিক সংখ্যক দক্ষ জনশক্তি প্রেরণের সম্ভাবনা নিয়ে গুরুত্বের সাথে কথা বলেন উভয় প্রতিনিধি। এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশে ইউএই’র বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং কৌশলগত অবকাঠামো ও শিল্প খাতে নতুন অংশীদারিত্ব সৃষ্টির সুযোগ নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream