আওয়ামী লীগ আমলের মানবতাবিরোধী অপরাধ নিয়ে হবে গণশুনানি: চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করে তদন্ত করা হবে। এ লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।আমিনুল ইসলাম বলেন, প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোকেও গণশুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ কাজে সরকার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।তিনি জানান, ইতোমধ্যে সরকারি বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, রাজনৈতিক দল, সংগঠন এবং নির্যাতিত ও নিহত ব্যক্তিদের পরিবারের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য নেওয়া হবে।কোনো ঘটনার মামলা থাকলে সংশ্লিষ্ট নথি ও কাগজপত্র যাচাই করা হবে। আর মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করা হবে। তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে।চিফ প্রসিকিউটর বলেন, প্রথম গণশুনানি যশোর জেলায় আয়োজনের পরিকল্পনা ছিল। ২৬ নভেম্বর এটি হওয়ার কথা থাকলেও ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু হবে। তবে আগামী সপ্তাহ থেকেই দেশের কোনো না কোনো জেলায় গণশুনানি শুরু করা হবে।গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে অসংখ্য গুম, ক্রসফায়ার, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার এসব ঘটনায় মামলা করেনি। আবার এসব অপরাধে জড়িত অনেক ব্যক্তি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা সামনে আনতেই দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব অপরাধ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি এ কর্মসূচির মধ্য দিয়ে দেশে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যেন বাংলাদেশে আর কখনও কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়। এ কারণেই আমরা এ কর্মসূচির মাধ্যমে জাতির কাছে বার্তাটি পৌঁছে দিতে চাই।
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। এখানকার তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। এ কর্মসূচি আইনসম্মত। এর আইনগত ম্যান্ডেট রয়েছে।