নিজস্ব প্রতিবেদক:
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে ঠিক কী অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে, সে বিষয়ে ডিবিপ্রধান তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে, গত আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে র্যাব দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করেছিল। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে কারামুক্ত হন।
মতামত