বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মক্কা-মদিনা বাদে সৌদির অন্য বিমানবন্দরে হুতিদের হামলার হুমকি

মক্কা-মদিনা বাদে সৌদির অন্য বিমানবন্দরে হুতিদের হামলার হুমকি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা বাদে সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে নতুন হামলার হুমকি দিয়েছে। বিমানবন্দরগুলো এড়িয়ে চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে যাত্রীদেরকে। রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে লিখেছেন, ‘বিমানবন্দর ও আকাশসীমাগুলো এখন আমাদের লক্ষ্যবস্তুর আওতাভুক্ত। এগুলো আমাদের বাহিনীর অভিযানের ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে।’ শনিবার রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও কয়েক’শ মানুষ আহত হয়। নিহতদের মধ্যে বাংলাদেশের দুই নাগরিক আছেন। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবের মাটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর মধ্য দিয়ে ইয়েমেন যুদ্ধে উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়ল। ইরান-সমর্থিত হুতিরা শনিবারের হামলার দায় সরাসরি স্বীকার করেনি। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দায়ী করেছে। চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরটিসহ অন্য গুরুত্ব লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে হুতিরা। গত বৃহস্পতিবার একই বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হন। একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই শনিবারের ওই ঘটনা ঘটে। এর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে সৌদি জোট। রোববার ইয়েমেনের সানা প্রদেশে সৌদি আরবের দুটি পাল্টা হামলার খবর দিয়েছে হুতিদের নিজস্ব গণমাধ্যম। প্রদেশটি বিদ্রোহী গোষ্ঠীরা নিয়ন্ত্রণ করে। রিয়াদ বিমানবন্দরে শনিবারের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের পাল্টা হামলায় যোগ দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো যোগ দিতে পারি।’ সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের ঘটনায় শনিবার চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক

কুষ্টিয়ার কুমারখালীতে দুলাভাইকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর ওই রাতেই কুমারখালী থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসমান একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চুরির অভিযোগে ২০২৪ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে। শনিবার রাতে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে পাওনা টাকা আদায়ের জন্য শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা না পেয়ে তিনি পিস্তল দেখিয়ে ইসমাইল শেখকে হুমকি দেন বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে অস্ত্রসহ আটক করে। রোববার দুপুরে কুমারখালী থানায় ওসমানকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় নাম প্রকাশ না করার শর্তে তাঁর এক স্বজন জানান, কোম্পানির টাকা চুরি নিয়ে ওসমানের সঙ্গে তাঁর দুলাভাই ইসমাইল শেখের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শনিবার রাতে অস্ত্র হাতে দুলাভাইকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন ওসমান। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ইসমাইল শেখ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে তাঁর দুলাভাইকে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে অস্ত্রসহ আটক করে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream