মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাসের নিরাপত্তাপ্রধান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাসের নিরাপত্তাপ্রধান

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাইম আবু নাহেলসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা সিটির পশ্চিমাঞ্চলে চালানো হামলার লক্ষ্য ছিলেন ৫০ বছর বয়সী নাইম আবু নাহেল।গত সেপ্টেম্বর মাসে তিনি হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ইসরায়েলি বিশেষ বাহিনীর এক অভিযানে তাঁর আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আটক করা হয়েছিল।এ হামলায় নাইম আবু নাহেলসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ ও জরুরি উদ্ধারকর্মীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আবু নাহেলকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো সম্পর্কে তাঁর ব্যাপক প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল। তাঁর মৃত্যুতে সংগঠনটির ব্যবস্থাপনা ও পরিচালন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া যুদ্ধের সময় ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনায় তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা সিটির একটি বাস্তুচ্যুত মানুষের তাঁবুশিবিরের কাছে একটি গলিপথ দিয়ে হাঁটার সময় ড্রোন থেকে আবু নাহেলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এর আগে গাজার অন্য দুটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হন। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গাজা সিটির দক্ষিণে ওয়াদি গাজা এলাকায় নিহত তিনজনের মধ্যে এক কিশোরও রয়েছে। অন্য তিনজন নিহত হন খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি পুলিশ স্টেশনে হামলায়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে গাজার পুলিশ বাহিনী। তাদের অভিযোগ, পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে গাজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ইসরায়েল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ওই দুই এলাকায় সামরিক কার্যক্রমে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৩ মাসে অন্তত ১ হাজার ৬৭৯ জন নিহত হয়েছে। একই সময়ে গাজায় ছয় ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে শীত ও মানবিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চলতি মাসের ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের হাজার হাজার আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ ইসরায়েলকে তাঁবু, হিটার, পানির পাম্প, টিকা, ওষুধসহ জরুরি ত্রাণ সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন ২৭২ জন, যা স্বাভাবিক মাসিক গড়ের প্রায় আট গুণ। এ বছর এ রোগে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হয়। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৭৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream