আবারও মিরপুর-১০ ও ১১ নম্বরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা।এর আগে রোববারও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে একই এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। ওইদিন আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়াসহ ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, সোমবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।