রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ তৈরি করা হলেও তাতে সাড়া মিলছে না প্রত্যাশিতভাবে। ১০টি শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত আবেদন করেছেন এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন। অথচ এ দুই শ্রেণিতে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ২২ হাজার ৯০৫। অর্থাৎ সুযোগ পেয়েও আড়াই লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেননি। শনিবার (১৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ১১টি বোর্ডের মধ্যে একটির আবেদনসংক্রান্ত হিসাব এখনো পাওয়া যায়নি। দ্রুত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাদের মধ্যে একটি বিষয়ে অনুত্তীর্ণ দুই লাখ ৯৮ হাজার ৪০ এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশেষ পরীক্ষার ঘোষণা দেন। ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলে নিবন্ধন কার্যক্রম। খুলনা বিভাগের ১০ জেলার ৩৯ হাজার ২২৭ পরীক্ষার্থী যশোর বোর্ডের অধীনে পরীক্ষায় বসতে নিবন্ধন করেছেন। এ বোর্ডে এবার এক লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি উপজেলায় কেন্দ্র থাকবে। প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হচ্ছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর মতে, দীর্ঘ শিক্ষাজীবনে ব্যর্থতার অভিজ্ঞতা অনেককে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। আবারও অকৃতকার্য হওয়ার ভয়েও অনেকে পরীক্ষায় বসতে চাইছেন না। ইংরেজি ও আইসিটির মতো বিষয়ে দুর্বলতা এবং স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়ার অনিশ্চয়তাও এর পেছনে ভূমিকা রাখছে। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বিকল্প পেশার দিকে ঝুঁকছেন। শিক্ষাবিদদের মতে, ফল বিপর্যয়ের পর পর্যাপ্ত মানসিক পরামর্শ ও বিষয়ভিত্তিক সহায়তা না পাওয়ায় শিক্ষার্থীদের সংকট আরও বেড়েছে। এ পরিস্থিতিতে বিশেষ ক্লাস, অনলাইন পাঠদান এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা জরুরি। অন্যথায় ঝরে পড়ার আশঙ্কা বাড়বে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৭ ডিসেম্বর। এর মধ্যে বাংলা, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষাও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। বিশেষ এ উদ্যোগের ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। উত্তীর্ণ হলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও থাকবে। পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও এ সুবিধা পাবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream