মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মধ্যরাত থেকে অপেক্ষা, অবশেষে ভক্তদের সামনে শাহরুখ খান

মধ্যরাত থেকে অপেক্ষা, অবশেষে ভক্তদের সামনে শাহরুখ খান

শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের সঙ্গে দেখা করেছেন তিনি। ২ নভেম্বর সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসা জানান এই অভিনেতা।জন্মদিন উপলক্ষে মধ্যরাত থেকেই মান্নাতের সামনে ভিড় করেছিলেন শাহরুখের অসংখ্য ভক্ত। প্রিয় তারকাকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন তারা।তবে এবারের জন্মদিনে শাহরুখ ভক্তদের সঙ্গে দেখা করবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ, আসন্ন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি মান্নাতেও চলছে সংস্কারকাজ।সব মিলিয়ে ধারণা করা হচ্ছিল, ৬১তম জন্মদিনে হয়তো মুম্বাইয়ে ভক্তদের সামনে আসবেন না শাহরুখ। এমন খবরে মন খারাপ হয়েছিল অনেক ভক্তের। তবে শেষ পর্যন্ত বারান্দায় এসে সবার অপেক্ষার অবসান ঘটান প্রিয় এই তারকা। খবর অনুযায়ী, বন্ধু ও পরিবারের সঙ্গে তাজ হোটেলে জন্মদিন উদ্‌যাপন করেন শাহরুখ। এরপর সন্ধ্যায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় হাজির হন তিনি। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা অভিনেতা ভক্তদের দিকে হাত নাড়েন, উড়ন্ত চুমু দেন। চেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে অভিবাদন জানান। এ সময় তাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীরা। শাহরুখের দেখা না পেয়ে যখন ভক্তদের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছিল, তখনই তাকে বহনকারী গাড়ির বহর মান্নাতের দিকে যেতে দেখা যায়। নিরাপত্তার কারণে বাড়ির সামনের সড়কে আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল মুম্বাই পুলিশ। পরে সন্ধ্যার অন্ধকার ভেদ করে মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে হাজির হন অভিনেতা। বর্তমানে বাড়িটিতে সংস্কারকাজ চলছে। এদিকে শাহরুখের জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন করেন ভক্তরা। কেউ মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন, কেউ মান্নাতের সামনে অভিনেতার বড় বড় পোস্টার নিয়ে হাজির হন। নাচ-গানেও মেতে ওঠেন তারা। পাশাপাশি শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটি একসঙ্গে উপভোগ করেন ভক্তরা। জন্মদিনের প্রথম প্রহরে গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তাদের চমক দেন নায়ক। এতে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে। শাহরুখের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও। তাদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠি। বিডি প্রতিদিন/ আনাই

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream