মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মেসিকে অন্য ভূমিকায়ও আর্জেন্টিনা দলে চান স্কালোনি

মেসিকে অন্য ভূমিকায়ও আর্জেন্টিনা দলে চান স্কালোনি

ফুটবল থেকে অবসরের কোনো নির্দিষ্ট বয়স নেই—এমনটাই মনে করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর বিশ্বাস, ২০৩০ সালের পরও ফুটবল খেলতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দল থেকে একসময় সরে দাঁড়ালেও খেলোয়াড় হিসেবে মেসির ক্যারিয়ার এখনই শেষ হোক, তা চান না তিনি।বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসি ২০৩০ সালের পরও খেলা চালিয়ে যেতে পারেন। জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেও একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব তাঁকে মাঠে দেখতে চান তিনি।মেসিকে ভবিষ্যতে আর্জেন্টিনা দলের অন্য কোনো ভূমিকায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি স্কালোনি। মজা করে তিনি বলেন, মেসি যদি দলের সঙ্গে যোগ দিতে চান, তাহলে তাঁর কোনো আপত্তি নেই।স্কালোনির কথায় স্পষ্ট, মেসির প্রতি তাঁর রয়েছে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। আপাতত মেসি যেন দীর্ঘদিন ফুটবল উপভোগ করতে পারেন, সেটিই চান আর্জেন্টিনার এই কোচ।এদিকে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও গোলপোস্টের নিচে ফিরতে পারেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। চোয়ালের গুরুতর চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত ১৬ অক্টোবর এভারটনের ডিফেন্ডার জারাড ব্র্যানথওয়েটের সঙ্গে সংঘর্ষে চোট পান মার্তিনেজ। পরে তাঁর চোয়ালে অস্ত্রোপচারও করা হয়। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলনে ফিরলেও ৮ নভেম্বর সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসির একাদশে ছিলেন না মার্তিনেজ। কোচ জাবি আলোনসো তখন বলেছিলেন, তাঁকে খেলানোটা হবে ‘খুব তাড়াহুড়ো ও ঝুঁকিপূর্ণ’ সিদ্ধান্ত। তবে এখন আর্জেন্টিনার হয়ে খেলার জন্য এখন প্রস্তুত মার্তিনেজ। সোমবার ইনস্টাগ্রামে অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন আর্জেন্টিনার এই গোলকিপার। তাতে মুখে সেই সুরক্ষামূলক মাস্ক পরেই অনুশীলন করতে দেখা গেছে তাঁকে। কোস্টারিকার বিপক্ষে এই মাস্ক পরেই খেলবেন তিনি। ম্যানচেস্টার সিটির গোলরক্ষক হেরেনিমো রুলির জায়গায় মার্তিনেজকে ফেরানো স্কালোনির পরিকল্পিত কয়েকটি পরিবর্তনের একটি। গত শুক্রবার উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর দলে আরও চার-পাঁচটি পরিবর্তনের পরিকল্পনা করছেন আর্জেন্টাইন কোচ, ‘শেষ অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব। তবে প্রাথমিকভাবে চার-পাঁচটি পরিবর্তন তো হবেই।’ মেসি ও আনহেল দি মারিয়ার মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে নতুন খেলোয়াড়দের পরখ করে নিতে চান স্কালোনি। তবে তাঁদের জায়গা পূরণ করা যে সহজ নয়, সেটাও স্বীকার করেছেন তিনি, ‘প্রথম চক্রের তুলনায় এখন হয়তো আমাদের ভিত্তিটা আরও শক্ত। মেসি ও দি মারিয়ার মতো গ্রেট খেলোয়াড়েরা আর আমাদের সঙ্গে নেই। তাঁদের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে হবে। তবে আসলে তাদের জায়গা নেওয়া কারও পক্ষে সম্ভব নয়। কারণ, তাঁরা বিশ্বসেরাদের মধ্যে ছিলেন। তবে আমরা এমন তরুণ খেলোয়াড়দের দিয়ে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করতে পারি, যাঁরা আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে বলে আমরা বিশ্বাস করি। এটাই চ্যালেঞ্জ। আমাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হবে। তবে সেটা কখন সম্ভব হবে, জানি না।’ কোস্টারিকার কোচের দায়িত্বে আছেন দেশটির সাবেক তারকা ব্রায়ান রুইজ। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে তাঁর দলের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার ২০২৬ সালের শেষ ম্যাচ। জয় দিয়ে বছর শেষ করতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream