সৌদিতে রমজানের দিনক্ষণ নিয়ে আগাম হিসাব
আসন্ন পবিত্র রমজান মাসের প্রস্তুতি ও সময় গণনা শুরু হয়েছে সৌদি আরবে। আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস সৌদি আরবে ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী। তবে রমজান শুরুর বিষয়টি হিজরি পঞ্জিকা অনুযায়ী সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান হবে ২০২৭ সালের রমজানটি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশ ও তথ্য বিশ্লেষণ করে সৌদি আরবে ৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার প্রবল সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।
হিসাব অনুযায়ী, যদি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তবে সেদিন এশার নামাজের পর থেকে তারাবি শুরু হবে এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম রোজা। তবে মেঘলা আকাশ বা অন্য কোনো কারণে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করা হবে এবং সে ক্ষেত্রে রোজা শুরু একদিন পিছিয়ে যাবে।
সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্বে রমজানের আনুষ্ঠানিক সূচনার জন্য চাঁদ দেখা কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। ফলে জ্যোতির্বৈজ্ঞানিক গণনা কেবল একটি পূর্বাভাস হিসেবে বিবেচিত হয় এবং চাঁদ দেখা সাপেক্ষেই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর নির্ভর করে সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে রোজা শুরু হয়। সেই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
সূত্র: ইসলামিক ইনফরমেশন