সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রুবিও যে আশঙ্কার কথা শোনালেন

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রুবিও যে আশঙ্কার কথা শোনালেন

হঠাৎ করেই যেন স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনা মেটানোর কূটনৈতিক চেষ্টা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই অচলাবস্থা কাটানো নিয়ে খুব একটা আশার আলো দেখছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের সাম্প্রতিক কিছু দাবি ও শর্তকে ‘হাস্যকর ও চরম অবাস্তব’ আখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, আপাতত আলোচনার টেবিলে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা নেই। জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিস যাওয়ার আগে ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হন রুবিও। তিনি জানান, সংঘাত মেটাতে আলোচনার সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করার প্রস্তাব দিয়েছে তেহরান, যা পরিস্থিতিকে কেবল আরও জটিলই করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় কূটনৈতিক পথেই সংকট মেটাতে চান বলে জানান রুবিও। তবে আফসোস প্রকাশ করে তিনি বলেন, কখনও কখনও কঠোর বাস্তবতার কারণে শুধু আলোচনা দিয়ে সব সমাধান করা সম্ভব হয় না। কারণ, ইরানের দেওয়া শর্তগুলো এতটাই কাল্পনিক যে তা মেনে নিয়ে ফলপ্রসূ কিছু করা অসম্ভব। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থানে কঠোর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার স্পষ্ট জানিয়ে দেন, আলোচনা শুরু করার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। অবশ্য এর মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় নিরাপদ করা নিয়ে কিছুটা কূটনৈতিক চর্চা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, আলোচনা সঠিক পথে এগোলে তেহরানের ওপর ফের বড় ধরনের সামরিক হামলা হওয়ার আশঙ্কা নেই বললেই চলে।  ট্রাম্পের এমন নমনীয় আভাসে শুরুতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম খানিকটা কমে এসেছিল। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৭.৫৮ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ৯০.৪৫ ডলারে নেমে আসে। তবে রুবিওর সবশেষ কঠোর বক্তব্যের পর বিশ্ব রাজনীতি ও তেলের বাজার আবার কোন মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream