কুড়িগ্রামে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, সার সরবরাহে নজর বিভাগীয় কমিশনারের
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিদর্শন করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে তিনি জেলার বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্মিত ‘জেলা ভূমিসেবা কেন্দ্র’ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় নির্মিত এ কেন্দ্র থেকে সেবাপ্রার্থীদের দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্মিত কুড়িগ্রাম সদর উপজেলায় আগত সেবাগ্রহীতাদের জন্য বিশ্রামাগার উদ্বোধন করেন তিনি।জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলার সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সার সরবরাহ ও বিতরণব্যবস্থা সুষ্ঠু রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পরে তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামে সার মজুত ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।দিনের কর্মসূচির শেষ পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুড়িগ্রাম জেলা সার্কেলের আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে মঞ্জুর করা আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।