মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু; আরও তিন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু; আরও তিন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ

গাজীপুর, ফরিদপুর, বগুড়া ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও প্যাডেলচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে ফরিদপুরে আগুন দেওয়া বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন (৬০) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে, মানিকগঞ্জে একটি বাসে এবং বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেওয়া হয়। এতে যানবাহনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চালক কালাচাঁন অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কালাচাঁন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুরুদ্দিন শেখ। পুড়ে যাওয়া বাসটির নাম কিশোর তন্ময়। এটি ফরিদপুর শহরে চলাচল করত। এর মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন তাঁরা। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে আগুন দেয় বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন। তিনি বলেন, তাঁদের একজন বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন অগ্নিদগ্ধ হননি; ধোয়ায় অসুস্থ হয়েছিলেন। শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। গাজীপুরের কালিয়াকৈরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্রার কাজলী ফার্ম এলাকায় ফেলে রাখা আজমেরী পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে ভ্যানটির সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রায় ওয়ালটন কারখানার পাশে মহাসড়কের ধারে কাভার্ডভ্যানটি দাঁড় করানো ছিল। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২টার দিকে আগুন নেভানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম। আগুন দেওয়ার তিনটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রাত সোয়া সাতটার দিকে দাঁড়িয়ে থাকা একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই এলাকার উত্তর পাশে ফ্লাইওভারের কাছে ভ্যানটির কিছু অংশ ও এর ওপর রাখা কয়েকটি চটের খালি বস্তা পুড়ে যায়। শেরপুর থানা-পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানান, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি ভ্যানটিতে আগুন দিয়ে চলে যান। এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ভ্যানে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শেরপুর থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে রাত নয়টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আগুনে পুড়ে যাওয়া ভ্যান ও চটের খালি বস্তা উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ভ্যানটির মালিকানা দাবি করে কেউ থানায় আসেননি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পরিবহনের একটি বাসে গতকাল রাত সাড়ে ১২টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কেউ হতাহত হননি। বাসটির মালিক মোজাফফর হোসেনের বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার দেড়গ্রাম নবগ্রামে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে একই দিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত মানিকগঞ্জ শহর ও আশপাশের পাঁচটি স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সামনে, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও শহরের শহীদ রফিক সড়কে এসব বিস্ফোরণ ঘটে। আজ মঙ্গলবার সকালে দেখা যায়, মানিকগঞ্জ বাসটার্মিনালে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি রাখা হয়েছে। তবে বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream